ঢাকা,  বৃহস্পতিবার   ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

মহাসড়কে অগ্নিসংযোগের পরিকল্পনা, মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার ২

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:১৩, ১৯ নভেম্বর ২০২৬
মহাসড়কে অগ্নিসংযোগের পরিকল্পনা, মাহিয়া মাহির দেবরসহ গ্রেপ্তার ২
গ্রেপ্তার ২

 গাজীপুরে মহাসড়কে যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর মো. নাহিদ সরকার ওরফে রাতুল (৩৩)।

মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে মহানগরীর বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকায় পুলিশের চেকপোস্টে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় গাড়ি থেকে এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁদের সঙ্গে থাকা আরও একজন পালিয়ে যান।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ভোগড়া এলাকার আসকর আলী পেট্রোল পাম্পসংলগ্ন সার্ভিস লেনে চেকপোস্ট বসায় বাসন থানা পুলিশের কিলো-২ ডিউটি পার্টি। এ সময় নাওজোড়ের দিক থেকে আসা ঢাকা মেট্রো-গ-২৮-৮২১৭ নম্বরের একটি প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। পরে গাড়িটি তল্লাশি করে চালকের হেফাজতে থাকা কিনলে পানির বোতলে রাখা প্রায় এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়।


এ ঘটনায় গাড়িতে থাকা মো. নাহিদ সরকার ও তাঁর সহযোগী মো. আপনকে (১৮) গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের অপর সহযোগী মাহিম (১৮) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
পুলিশ জানায়, গ্রেপ্তার নাহিদ সরকার এলাকায় রাতুল নামে পরিচিত। তিনি গাজীপুর মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগ নেতা রাকিব সরকারের চাচাতো ভাই এবং চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা মহাসড়কে চলাচলকারী যানবাহনে অগ্নিসংযোগ ও টায়ার জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির পরিকল্পনার কথা জানিয়েছেন। এ কাজে তাঁদের নির্দেশনা দেওয়ার অভিযোগ উঠেছে আফজাল হোসেন সরকার রিপনের বিরুদ্ধে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।


বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ জানান, গ্রেপ্তার নাহিদ সরকার ওরফে রাতুল চিত্রনায়িকা মাহিয়া মাহির দেবর। ঘটনাস্থল থেকে প্রাইভেটকার ও এক লিটার পেট্রোল জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক একজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে বাসন থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!