ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
শ্রীলীলা নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন
দক্ষিণী অভিনেত্রী শ্রীলীলা গত দুই বছর তেলেগু সিনেমায় তুলনামূলকভাবে অনুপস্থিত ছিলেন। দীর্ঘ সময় নতুন কোনো তেলেগু সিনেমায় চুক্তিবদ্ধ না হওয়ায় তার অভিনয়জীবন নিয়ে ভক্তদের মাঝে নানা প্রশ্ন তৈরি হয়েছিল। অবশেষে সেই নীরবতা ভেঙে বিরতির কারণ জানালেন এই অভিনেত্রী।
চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা শেষ করে মুম্বাইয়ে দুই বছর মেডিকেল ইন্টার্নশিপ করতে হওয়ায় নিয়মিত শুটিংয়ে অংশ নিতে পারেননি বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি হায়দরাবাদে ‘ওম: অপারেশন মোল’ সিনেমার তেলেগু সংস্করণের মুক্তির আগে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের এই বিরতি নিয়ে কথা বলেন শ্রীলীলা।
অভিনেত্রী জানান, মেডিকেল পড়াশোনা শেষ করার পর গত দুই বছর মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছেন তিনি। সে সময় হাসপাতালে শারীরিকভাবে উপস্থিত থাকা বাধ্যতামূলক ছিল। ফলে নতুন সিনেমার প্রস্তাব গ্রহণ করা সম্ভব হয়নি।
শ্রীলীলা বলেন, ‘আপনারা জানেন, মেডিকেল পড়াশোনা শেষ করার পর গত দুই বছর আমি মুম্বাইয়ে ইন্টার্নশিপ করেছি। সেখানে সরাসরি উপস্থিত থাকতে হতো বলে সিনেমার কাজে নতুন প্রস্তাব নিতে পারিনি। সেই সময়ই ‘ওম’ সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছিলাম।’
অল্প বয়সে অভিনয়জীবন শুরু করার অভিজ্ঞতাও অনুষ্ঠানে তুলে ধরেন তিনি। শ্রীলীলা জানান, ক্যারিয়ারের শুরুর দিকে পছন্দ অনুযায়ী কাজ বেছে নেওয়ার সুযোগ ছিল না। বরং যেসব সিনেমার প্রস্তাব এসেছে, সেগুলোতেই কাজ করেছেন এবং পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এগিয়েছেন।
অভিনয়ের পাশাপাশি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেছেন শ্রীলীলা। অভিনয় ও চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা একসঙ্গে চালিয়ে যেতে ছয় বছর সময় লেগেছে তার। চলতি বছরের শুরুতে বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের কয়েকটি ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেন তিনি। সেখানে পরিবারের সদস্য ও সহপাঠীদের সঙ্গে দেখা যায় তাকে।
ছবির ক্যাপশনে শ্রীলীলা লিখেছিলেন, ‘এটি শুধু একটি ডিগ্রি অর্জনের বিষয় ছিল না। এর সঙ্গে জড়িয়ে ছিল বেড়ে ওঠা, বিশ্বাস, চোখের জল, দৃঢ়তা এবং নিজেকে নতুনভাবে আবিষ্কার করার অভিজ্ঞতা।’ পড়াশোনার সময় বিশেষ করে পরীক্ষার দিনে কাজের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।