ঢাকা,  শনিবার   ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিক্ষা ]

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, আটক চার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৯, ২১ নভেম্বর ২০২৬
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ, আটক চার শিক্ষার্থী
ছবি: সংগৃহীত

ঢাকা কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনায় সন্দেহভাজন চার শিক্ষার্থীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ছাত্রদল ও ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের নিউমার্কেট থানা পুলিশের হাতে তুলে দেন। আটক শিক্ষার্থীদের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ছাত্রনেতারা।

আটকরা হলেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী শিখন, উচ্চমাধ্যমিকের সাবেক ২০২৬ ব্যাচের শিক্ষার্থী আফেল ও মিনার এবং ভূগোল ও পরিবেশবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব।

এর আগে রাত ১২টার দিকে কলেজের বিজয়-২৪ ছাত্রাবাসের পেছনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনার পর মধ্যরাতে হলের সামনে বিক্ষোভ করেন সাধারণ শিক্ষার্থীরা। পরে হল প্রভোস্টের উপস্থিতিতে ছাত্রাবাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বিজয়-২৪ হল থেকে দুজন, দক্ষিণ ছাত্রাবাস থেকে একজন এবং এইচএসসি-২৬ ব্যাচের একজনকে আটক করা হয়। পরে তাদের নিউমার্কেট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জাতীয় ছাত্রশক্তির ঢাকা কলেজের নেতা সজীব উদ্দীন দাবি করেন, রাষ্ট্রপতির অনুষ্ঠানে ককটেল নিক্ষেপের উদ্দেশ্যে এসব বিস্ফোরক আনা হয়েছিল। তার ভাষ্য, দুই দিন আগে ককটেলগুলো কলেজে আনা হয়। ভূগোল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম নীরব সেগুলো পাঠিয়েছিলেন। আফেল ও মিনার ককটেল নিক্ষেপের ঘটনায় সরাসরি জড়িত ছিলেন বলেও দাবি করেন তিনি।

সজীব উদ্দীন আরও বলেন, নাহিদুল ঘটনার সময় ক্যাম্পাসে উপস্থিত ছিলেন না। তবে তিনি এ ঘটনার মূল পরিকল্পনাকারী বলে তারা জানতে পেরেছেন।

ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ বলেন, আটক শিক্ষার্থীদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ তদন্ত করে ঘটনার প্রকৃত রহস্য ও জড়িত ব্যক্তিদের পরিচয় উদ্‌ঘাটন করবে। তবে আটক শিক্ষার্থীদের কাছ থেকে কোনো কিছু উদ্ধার করা যায়নি।

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের মধ্যে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী এবং ২০২৬ সালে উচ্চমাধ্যমিক পাস করা কয়েকজন রয়েছেন। শিখন নামে এক শিক্ষার্থীকে আগে বিজয়-২৪ হল থেকে বহিষ্কার করা হয়েছিল। তার বিরুদ্ধে আগের একটি ঘটনায় ব্যবস্থাও নেওয়া হয়েছিল। তদন্ত শেষে অন্যদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানের পর রাতে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। এরপর ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!