ঢাকা, শনিবার ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বাড়িতে তৈরি নুডলস খেয়ে ৭ বছরের শিশুর মৃত্যু, অসুস্থ বোনও
ভারতের রাজস্থানের জয়পুরে বাড়িতে তৈরি নুডলস খেয়ে সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বড় বোনও অসুস্থ হয়ে পড়েছিল। প্রাথমিকভাবে খাবারে বিষক্রিয়ার কারণে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) এ ঘটনা ঘটে। ওই দিন দুই বোন পিহু কুমাবত ও দিব্যাংশী বাড়িতে একা ছিল। এ সময় তারা নিজেরাই নুডলস রান্না করে খায়। পরে খাবার খেয়ে দুই বোন ঘুমিয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বিকেল ৩টার দিকে তাদের মা বাড়িতে ফিরে আসেন। তখন বড় বোন দিব্যাংশী অসুস্থ অবস্থায় ঘুম থেকে উঠলেও ছোট বোন পিহুকে অচেতন অবস্থায় দেখতে পান।
পরে পরিবারের সদস্যরা দ্রুত দুই বোনকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা পিহুকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, চিকিৎসা শেষে শুক্রবার (২০ নভেম্বর) সকালে হাসপাতাল থেকে বাড়ি ফেরে দিব্যাংশী।
এ ঘটনায় নিহত শিশুর পরিবার পুলিশের কাছে অভিযোগ করেছে। এর পরিপ্রেক্ষিতে করধানি থানার পুলিশ নুডলসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠিয়েছে।
প্রাথমিক তদন্তে খাবারে বিষক্রিয়ার বিষয়টি সামনে এলেও পরীক্ষার ফল ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না।
এদিকে, নিহত শিশুর ভাই গোবিন্দও অসুস্থ। গত দুই মাস ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।