ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
বিমানবন্দরে আইসিইর অভিযান, আতঙ্কে যাত্রী-কর্মীরা
যুক্তরাষ্ট্রের সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীকে টেনেহিঁচড়ে নিয়ে গেছেন মুখোশধারী ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) এজেন্টরা। শনিবার (২১ নভেম্বর) লস অ্যাঞ্জেলেসগামী একটি ফ্লাইটে যাত্রী ওঠার সময় এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় বিমানবন্দরে থাকা যাত্রী ও কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই সঙ্গে বিলম্বিত হয় ফ্লাইটটির যাত্রা।
ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আইসিই কর্মকর্তাদের পরনে ছিল পরিচয়চিহ্নবিহীন জ্যাকেট ও খাকি রঙের প্যান্ট। বিমানবন্দরে যাত্রীদের লাগেজ ও ট্রলির পাশে একজনকে মাটিতে ফেলে ধস্তাধস্তি করতে দেখা যায়। পরে কর্মকর্তারা তাকে টেনেহিঁচড়ে নিয়ে যান।
ভিডিওতে পাশে থাকা এক নারীকে চিৎকার করে বলতে শোনা যায়, কর্মকর্তারা তার মেয়েকে ধরে নিয়ে যাচ্ছেন এবং তার কাছে কাজের অনুমতিপত্র রয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আইসিইর অভিযান নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।
আইসিই এক বিবৃতিতে জানায়, মেক্সিকো থেকে আসা অভিবাসী রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজাকে গ্রেপ্তার করতে এ অভিযান চালানো হয়। সংস্থাটির দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন।
বিবৃতিতে আরও বলা হয়, এ সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামে আরেক যাত্রী কর্মকর্তাদের দিকে গরম কফি ছুড়ে মারেন। তিনিও মেক্সিকোর নাগরিক এবং ভিসার মেয়াদ শেষ হওয়ার পর যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন বলে দাবি করেছে আইসিই। একজন ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
অনলাইন ফ্লাইটের তথ্য অনুযায়ী, সকাল ৮টা ১০ মিনিটে ছেড়ে যাওয়ার কথা থাকলেও আলাস্কা এয়ারলাইনসের ফ্লাইটটি নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি।
আলাস্কা এয়ারলাইনস জানিয়েছে, অভিযান পরিচালনার বিষয়ে আইসিই আগে থেকে তাদের কোনো সতর্কবার্তা দেয়নি। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ফ্লাইটে যাত্রী ওঠার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন পদক্ষেপে তারা উদ্বিগ্ন। এতে যাত্রী ও কর্মীদের যে ভোগান্তি হয়েছে, তা তারা উপলব্ধি করছে।
প্রতিটি যাত্রীর সঙ্গে মর্যাদা ও সম্মানের সঙ্গে আচরণ করাকে গুরুত্ব দেয় জানিয়ে এয়ারলাইনসটি আরও বলেছে, বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটলের সঙ্গে মিলে তারা বিষয়টি খতিয়ে দেখছে। অভিযানের ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছিল কি না, তা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও উদ্বেগ জানিয়েছে তারা।
পোর্ট অব সিয়াটল এক বিবৃতিতে বলেছে, ঘটনাটি সংশ্লিষ্ট পরিবার এবং বিমানবন্দরে থাকা অন্য যাত্রীদের জন্যও ভীতিকর ও পীড়াদায়ক ছিল। কী ঘটেছিল, তা জানতে স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে।
এদিকে ওয়াশিংটন অঙ্গরাজ্যের ডেমোক্র্যাট গভর্নর বব ফার্গুসন আইসিইর এ অভিযানকে ‘চরম অ-আমেরিকানসুলভ’ বলে মন্তব্য করেছেন। একই সঙ্গে সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) শ্রমিক নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ভিডিওটি ভয়াবহ ও শিউরে ওঠার মতো। যুক্তরাষ্ট্রের এমন অভিবাসন ও সীমান্ত নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন, যা কার্যকর, নৈতিক ও মানবিক। তাঁর মতে, আইসিই সেই মানদণ্ড পূরণ করতে পারছে না এবং সংস্থাটিকে আর সংস্কার করা সম্ভব নয়।
ফার্গুসন আরও বলেন, বিমানবন্দরের যাত্রী ওঠার সংযোগপথে আইসিই কর্মকর্তারা কীভাবে প্রবেশের অনুমতি পেলেন, তা তিনি খতিয়ে দেখছেন। এজেন্টরা গত মার্চে তাঁর স্বাক্ষরিত অঙ্গরাজ্যের একটি আইনও লঙ্ঘন করে থাকতে পারেন বলে মনে করেন তিনি। ওই আইনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের মুখ ঢাকার ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল।
ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন শ্রমিক নেতারাও। ওয়াশিংটন স্টেট লেবার কাউন্সিলের (এএফএল-সিআইও) প্রেসিডেন্ট এপ্রিল সিমস জানান, ওই ফ্লাইটে তাঁদের সংগঠনের সদস্যরাও ছিলেন।
তিনি বলেন, যোগাযোগব্যবস্থার ত্রুটির কারণে কয়েক দিন ধরে সারা দেশে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ার পর এবং বছরের অন্যতম ব্যস্ত ভ্রমণ মৌসুমে এ অভিযান চালানো হয়েছে। এতে যাত্রী ও বিমানবন্দরকর্মীদের ভোগান্তি আরও বেড়েছে। বিমানবন্দরের কর্মীরা আগে থেকেই মানসিক চাপের মধ্যে ছিলেন। এমন পরিস্থিতিতে শান্তি ও আস্থা ফিরিয়ে আনার বদলে ফেডারেল এজেন্টদের অভিযানে আরও ভয় ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দরে আইসিইর গ্রেপ্তার অভিযান বেড়েছে। বিশেষ করে যেসব অভিবাসী অতীতে ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশটিতে অবস্থান করেছেন, তাঁদের লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সংস্থাটি।