ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

সেরা কোনটি: গোলামের সরলতা নাকি শেহজাদের তীক্ষ্ণ বুদ্ধি

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:০৯, ৫ নভেম্বর ২০২৬
সেরা কোনটি: গোলামের সরলতা নাকি শেহজাদের তীক্ষ্ণ বুদ্ধি
ছবি: সংগৃহীত

‘দুনিয়া টাকার গোলাম’ এ প্রধান চরিত্রে অভিনয় করে দারুণ সাড়া ফেলেছেন তরুণ অভিনেতা শোয়েব শান্ত। এই দীর্ঘ ধারাবাহিকে কোনো বড় মেগাস্টার ছাড়াই কেবল গল্প এবং অভিনয়ের জোরে নাটকটি ইউটিউবে প্রায় ১০০ কোটি বা ১ বিলিয়ন ভিউয়ের রেকর্ড গড়েছে। নাটকটির মূল আকর্ষণ হচ্ছে অভিনেতা শোয়েব শান্তর ফুটিয়ে তোলা দ্বৈত রূপের দুটি ভিন্নধর্মী চরিত্র ‘গোলাম’ এবং ‘শেহজাদ’।

গোলাম চরিত্রটি বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় কেন এবং এই চরিত্রের মানসিক দ্বন্দ্ব, সমাজের অবমূল্যায়ন ও সাধারণ মানুষের সংগ্রাম ফুটিয়ে তুলতে কেমন প্রস্তুতি নিতে হয়েছে, সে প্রসঙ্গে শোয়েব শান্ত জানান, এই গল্পে তার দুটি চরিত্র রয়েছে। একটি শেহজাদ, অন্যটি গোলাম। দর্শক দুটি চরিত্রকেই বেশ পছন্দ করেছেন, যা তার জন্য অনেক আনন্দের।

শেহজাদ চরিত্রটি একজন আধুনিক ও উচ্চপর্যায়ের ব্যবসায়ীর। তিনি গোল্ডের ব্যবসাসহ বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত। তবে তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, তিনি অন্যায়ের প্রতিবাদ করেন। নিজের সামনে কোনো অন্যায় হলে তিনি কখনোই তা মেনে নিতে পারেন না। এ কারণে অনেক দর্শক তাকে গরিবের রবিনহুড বলেও অভিহিত করেন। অন্যদিকে, গোলাম একেবারেই ভিন্ন ধরনের একটি চরিত্র। সে গ্রামের সহজ-সরল একজন ছেলে। তার জীবনযাপন, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব শেহজাদের চেয়ে সম্পূর্ণ আলাদা।

তিনি ব্যক্তিগতভাবেই দুটি চরিত্র খুব উপভোগ করছেন। তবে একই গল্পে সম্পূর্ণ বিপরীত বৈশিষ্ট্যের দুটি চরিত্রকে আলাদাভাবে ফুটিয়ে তোলা তার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। একদিকে শেহজাদের ব্যক্তিত্ব ও অবস্থান ধরে রাখতে হচ্ছিল, অন্যদিকে গোলামের সরলতা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রাখতে হচ্ছিল। সব মিলিয়ে দুটি চরিত্রই তার অভিনয়জীবনে দারুণ উপভোগ্য ও চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হয়ে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!