কিশোরগঞ্জে মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের ছেলেকে ছুরিকাঘাত
কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নবাগত সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনের জ্যেষ্ঠ ছেলে শাহরিয়ার জামান। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাজার এলাকায় দুর্বৃত্তরা শাহরিয়ার জামানকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে জাতীয় নির্বাচনের আগে তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দেন।
এর আগে বিমানবন্দরে লাগেজ-সংক্রান্ত একটি ঘটনায় বিমানবন্দর কর্তৃপক্ষের করা মামলায় গ্রেপ্তার হন মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। দুই দিন আগে তিনি জামিনে কারামুক্ত হন।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কী কারণে এবং কারা এ হামলার সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।