সুপারি গাছের ছায়া নিয়ে বিরোধ, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো ও এর ছায়া পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার চাচাতো ভাই, চাচাতো ভাইয়ের দুই ছেলে ও মেয়েকে অভিযুক্ত করা হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হাসানুর শেখ ওই গ্রামের ছত্তার শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের সুপারি গাছে পানি দিতে যান হাসানুর। এ সময় গাছের ছায়া নিজের জমিতে পড়বে বলে আপত্তি জানান তার চাচাতো ভাই হাসদেল শেখ। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে হাসদেলের ছেলে মামুন শেখ ও আরমান শেখ এবং মেয়ে তাসলিমা খানম দেশীয় অস্ত্র দিয়ে হাসানুরকে কুপিয়ে আহত করেন বলে অভিযোগ রয়েছে।
পরে স্বজনেরা গুরুতর আহত অবস্থায় হাসানুরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।