ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৬, ৪ নভেম্বর ২০২৬
বেগমপাড়া’য় প্রিন্সেস ডায়না সুমাইয়া নদী
ছবি: সংগৃহীত

ছোট পর্দায় অভিনয়, মডেলিং ও গ্ল্যামার—সব ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলতে কাজ করছেন মডেল ও অভিনেত্রী সুমাইয়া নদী। সম্প্রতি প্রচারিত ধারাবাহিক নাটক ‘বেগমপাড়া’য় অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নাটকে তাঁর চরিত্রের নাম ‘প্রিন্সেস ডায়না’, যা ঘিরে দর্শকদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।

মো. হেদায়েত উল্লাহ তুর্কীর রচনা ও পরিচালনায় নির্মিত ‘বেগমপাড়া’ প্রচারিত হচ্ছে একুশে টেলিভিশনে। প্রতি সপ্তাহের সোম, মঙ্গল ও বুধবার রাত ১০টায় নাটকটি সম্প্রচারিত হয়। পরদিন ভোর ৫টা ৩০ মিনিটে রয়েছে পুনঃপ্রচারের সুযোগ।

লাবণ্য মিডিয়া প্রযোজিত এ ধারাবাহিকে বেগমপাড়ার প্রভাবশালী বেগম আসমা শিউলী ও দিলু সরদারের ছোট মেয়ের চরিত্রে অভিনয় করছেন সুমাইয়া নদী। নাটকে তাঁর পোশাক-পরিচ্ছদ, আধুনিক জীবনযাপন ও চলাফেরার ধরন দেখে অন্যরা তাঁকে ‘প্রিন্সেস ডায়না’ নামে সম্বোধন করেন। আধুনিক ও আভিজাত্যপূর্ণ তরুণীর চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়ছেন তিনি।

‘বেগমপাড়া’ ছাড়াও সুমাইয়া নদী অভিনয় করেছেন ওয়েব সিরিজ ‘গ্যাংস্টার’ এবং একক নাটক ‘পাখি এখন শহরের বাবুর প্রেমে’, ‘রক্তের ভাই বেঈমান’, ‘অপূর্ণ ভালোবাসা’, ‘চুড়িওয়ালা’, ‘শাশুড়ির শত্রু বউ’ ও ‘বড়লোক বাড়ির চাকর’সহ বেশ কয়েকটি নাটকে।

অভিনয়ের পাশাপাশি মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি। ‘মায়া মায়া লাগে’ ও ‘যেন মন খারাপের হয়রে শেষ’সহ কয়েকটি মিউজিক ভিডিওর মাধ্যমে পরিচিতি পেয়েছেন সুমাইয়া নদী।

কাজের স্বীকৃতি হিসেবে লাবণ্য অ্যাওয়ার্ড ও ডিসএ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন বলে জানা গেছে। দ্বীপজেলা ভোলায় জন্ম নেওয়া এ অভিনেত্রী বর্তমানে লাবণ্য ফটো সুন্দরী প্রতিযোগিতা ২০২৬-এর একজন প্রতিযোগী।

আন্তর্জাতিক অঙ্গনে মডেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন সুমাইয়া নদী। পাশাপাশি বড় পর্দায় কাজ করারও ইচ্ছা রয়েছে তাঁর। সবকিছু ঠিক থাকলে শিগগিরই চলচ্চিত্রে দেখা যেতে পারে তাঁকে। ছোট পর্দার ‘প্রিন্সেস ডায়না’ বড় পর্দায় কেমন উপস্থিতি নিয়ে আসেন, তা দেখার অপেক্ষায় দর্শক।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!