ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ বিনোদন ]

চার বছরের দাম্পত্যে ইতি টানলেন কনিকা কাপুর

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫, ৪ নভেম্বর ২০২৬
চার বছরের দাম্পত্যে ইতি টানলেন কনিকা কাপুর
সংগৃহীত ছবি

চার বছরের বৈবাহিক জীবনের ইতি টেনে স্বামী গৌতম হাথিরামানির সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কনিকা কাপুর। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে নিজেই এ খবর জানান ‘বেবি ডল’খ্যাত এই গায়িকা। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো বৈবাহিক সম্পর্কের বিচ্ছেদের মুখোমুখি হলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে কনিকা লেখেন, ‘প্রিয় বন্ধু ও পরিবার, অনেক চিন্তাভাবনার পর আমার স্বামী ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে কাটানো মুহূর্তগুলোর জন্য আমি কৃতজ্ঞ। তাঁর ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। নতুন জীবনের জন্য সবার ভালোবাসা কামনা করছি। একই সঙ্গে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।’

বিচ্ছেদের ঘোষণা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম থেকে স্বামী গৌতমের সঙ্গে থাকা ছবিগুলো সরিয়ে ফেলেছেন কনিকা।

বিচ্ছেদের কারণ নিয়ে সরাসরি কিছু না জানালেও মুম্বাই মিররের এক প্রতিবেদনে বলা হয়েছে, দুজনের পেশাগত ব্যস্ততার কারণে সম্পর্কে দূরত্ব তৈরি হয়েছিল। কাজের প্রয়োজনে কনিকাকে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হতো। অন্যদিকে ব্যবসায়ী গৌতম নাইজেরিয়ার লোগোসে নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত থাকতেন।

এদিকে কনিকা লোগোসে থাকতে না চাওয়ায় তাঁদের বিচ্ছেদ হয়েছে—এমন গুঞ্জনও ছড়িয়েছে। তবে এ দাবি নাকচ করে এক সাক্ষাৎকারে গায়িকা বলেন, লোগোসে থাকতে চাননি—এমন কথা সত্য নয়। সংসার ভাঙলে প্রথমেই নারীকে দায়ী করার প্রবণতা অন্যায় বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, একটি বৈবাহিক সম্পর্কে কী ঘটে, তা কেবল সংশ্লিষ্ট দুজনই ভালোভাবে জানেন।

কনিকা আরও বলেন, তাঁর জীবনে অন্য কেউ আসেনি বলে তিনি জানেন। গৌতমের জীবনেও অন্য কেউ ছিলেন না বলে তাঁর ধারণা। তবে দ্বিতীয়বারের মতো বিচ্ছেদের মুখোমুখি হওয়াকে নিজের জন্য হতাশাজনক বলে উল্লেখ করেন এই গায়িকা।

প্রায় ১৫ বছরের বন্ধুত্ব ছিল কনিকা ও গৌতমের। ২০২১ সালের আগস্টে কনিকাকে বিয়ের প্রস্তাব দেন গৌতম। পরে ২০২২ সালের ২০ মে লন্ডনে জমকালো আয়োজনে তাঁদের বিয়ে হয়।

এর আগে মাত্র ১৮ বছর বয়সে ১৯৯৮ সালে লন্ডনপ্রবাসী চিকিৎসক ডা. জাসপ্রীত সিং চান্দোককে বিয়ে করেছিলেন কনিকা। প্রথম সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবনের পর ২০১২ সালে তাঁদের বিচ্ছেদ হয়।

‘চিটিয়া কালাইয়াঁ’, ‘বেবি ডল’, ‘টুকুর টুকুর’ ও ‘গেন্দা ফুল’-এর মতো জনপ্রিয় গানে কণ্ঠ দিয়ে পরিচিতি পেয়েছেন কনিকা কাপুর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!