জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না: জান্নাত জিম
‘আমাকে জোর করে বিয়ে দিলে সংসার টিকবে না’ বলে দাবি করেছেন ছোটপর্দার জনপ্রিয় ও উদীয়মান অভিনেত্রী মাফতুহা জান্নাত জিম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এই শিক্ষার্থী শৈশবে নৃত্যশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করলেও বর্তমানে নাটক ও ওভিসিতে নিয়মিত কাজ করছেন।
নিজের বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন এই তরুণ অভিনেত্রী। বিয়ে প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে জিম স্পষ্ট করেই জানিয়ে দেন, আপাতত সংসার গড়ার কোনো তাড়াহুড়ো নেই তার। তিনি বলেন, ‘বিয়েশাদি নিয়ে তো কোনো পরিকল্পনা নেই, আমি তো এখনো অনেক ছোট। তাই আপাতত বিয়ে করার কোনো ভাবনা নেই।’
পারিবারিক কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, পরিবার থেকেও তাকে কোনো জোর করা হচ্ছে না। জিমের ভাষ্য, ‘আমি যদি মিডিয়ায় কাজ না করতাম, হয়তো বাবা-মার বাড়তি টেনশন থাকত। যেহেতু বিয়ে নিয়ে আমার নিজেরই কোনো পরিকল্পনা নেই, তাই বাবা-মায়েরও কোনো চাপ নেই। কারণ, জোর করে বিয়ে দিয়ে দিলেও যদি আমি মানসিকভাবে প্রস্তুত না থাকি, তবে সেই সংসার টিকবে না। তাই সবকিছু মিলিয়ে এখন বিয়ে নিয়ে কোনো পরিকল্পনা নেই।’
শৈশবে ‘দেবী’ চলচ্চিত্রে জয়া আহসানের ছোটবেলার চরিত্রে অভিনয় করে নজর কাড়া জিম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামেও বেশ জনপ্রিয়।
সম্প্রতি একটি ফ্যাশন ম্যাগাজিনের ডিজিটাল কাভারে জায়গা করে নেওয়া এই অভিনেত্রী জানান, এই মুহূর্তে তার পুরো মনোযোগ পড়াশোনা এবং অভিনয় ক্যারিয়ারকে ঘিরে।