প্রধানমন্ত্রীর সফর ঘিরে বাগেরহাটে প্রস্তুতি, উন্নয়ন ও সুপেয় পানির প্রত্যাশা উপকূলবাসীর
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপকূলীয় জেলা বাগেরহাট সফরে আসছেন তারেক রহমান। তাঁর আগমনকে কেন্দ্র করে জেলাজুড়ে চলছে প্রস্তুতি। মাজার জিয়ারত ও কাটাখালী মোড়ে পথসভাকে ঘিরে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। অন্যদিকে, প্রধানমন্ত্রীর সফর থেকে জেলার দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা, সুপেয় পানির সংকট, চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে কার্যকর উদ্যোগের প্রত্যাশা করছেন স্থানীয় বাসিন্দারা।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বাগেরহাট জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি নিচ্ছেন। সফরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সংস্কারকাজ। বিশেষ করে মাজার প্রাঙ্গণ এবং কাটাখালী মোড়ের পথসভাস্থল প্রস্তুত করতে সংশ্লিষ্ট ব্যক্তিরা কাজ করছেন। সফর নির্বিঘ্ন করতে অনুষ্ঠানস্থলের ব্যবস্থাপনা ও জনসমাগম নিয়ন্ত্রণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস থাকলেও জেলার সাধারণ মানুষের প্রত্যাশা উন্নয়ন ও দীর্ঘদিনের সমস্যার সমাধান। স্থানীয়দের মতে, উপকূলীয় এই জেলার অন্যতম বড় সমস্যা সুপেয় পানির সংকট। বিশেষ করে উপকূলবর্তী এলাকার মানুষকে নিরাপদ পানির জন্য দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হচ্ছে। পাশাপাশি উন্নত চিকিৎসাসেবার অভাব, দুর্বল যোগাযোগব্যবস্থা ও অবকাঠামোগত সীমাবদ্ধতা মানুষের দৈনন্দিন জীবনকে কঠিন করে তুলেছে।
জেলাবাসীর দীর্ঘদিনের দাবির মধ্যে রয়েছে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা। স্থানীয়দের আশা, প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে এসব সমস্যা ও দাবির বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষিত হবে এবং উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।
বাগেরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আল মামুন বলেন, বাগেরহাটের মানুষের জন্য একটি মেডিকেল কলেজ অত্যন্ত প্রয়োজন। একই সঙ্গে জেলার বিভিন্ন এলাকায় সুপেয় পানির সংকট রয়েছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। প্রধানমন্ত্রীর সফরের মধ্য দিয়ে জেলার মানুষের দীর্ঘদিনের দাবিগুলো গুরুত্ব পাবে বলে আমরা আশা করছি।
এদিকে প্রধানমন্ত্রীর সফর সফল করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা বিএনপির নেতারা। বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। সফর সফল ও নির্বিঘ্ন করতে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এ সফরের মধ্য দিয়ে বাগেরহাটের উন্নয়ন এবং উপকূলীয় মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছি।
প্রধানমন্ত্রীর সফর ঘিরে এখন বাগেরহাটজুড়ে প্রস্তুতি চলছে। তবে স্থানীয়দের প্রত্যাশা, সফরটি শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে জেলার উন্নয়ন, নিরাপদ পানির সংকট, উন্নত চিকিৎসাসেবা ও যোগাযোগব্যবস্থার উন্নয়নে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের পথ তৈরি করবে।