ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৯, ৪ নভেম্বর ২০২৬
হোটেলে কাজ করেও জিপিএ-৫ পেলেন বিশাল, স্বপ্ন চিকিৎসক হওয়ার
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামে অভাব-অনটনের সঙ্গে লড়াই করে উচ্চমাধ্যমিক পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন বিশাল সরকার কৌশিক। পরিবারের আর্থিক সংকটের কারণে পড়াশোনার খরচ জোগাতে দিনমজুরির পাশাপাশি হোটেলকর্মী হিসেবেও কাজ করেছেন তিনি। অন্যের জমিতে ভাঙা চালাঘরে বসবাস করা এই শিক্ষার্থীর সাফল্যে খুশি পরিবার ও এলাকাবাসী।

বিশাল কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেন। এর আগে কাঁঠালবাড়ী বিদ্যাকানন থেকে পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়ে ভর্তি হন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে এসএসসি পরীক্ষায় সব বিষয়ে এ প্লাস পেয়ে নিজের মেধার স্বাক্ষর রাখেন। পরে উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে ভর্তি হন কুড়িগ্রাম সরকারি কলেজে।

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী বাজারের পাশে অন্যের জমিতে তৈরি তিনটি জীর্ণ চালাঘরে বিশালদের বসবাস। সেখানে বাবা-মা ও বড় ভাইয়ের সঙ্গে থাকেন তিনি। ঘরগুলোর টিনের চাল পুরোনো, বিভিন্ন স্থানে ফুটো। সামান্য বৃষ্টি হলেই ভোগান্তিতে পড়তে হয় পরিবারের সদস্যদের।

বিশালের মা কণা রানী একটি কিন্ডারগার্টেনে আয়ার কাজ করেন। বিনিময়ে পান সামান্য সম্মানী। অসুস্থতা নিয়েও বাবা সুকুমার সরকার সপ্তাহে দুই দিন গ্রামের হাটে চা বিক্রি করেন। দুজনের সীমিত আয়ে সংসারের ব্যয় মেটানো কঠিন। এর ওপর রয়েছে ঋণের চাপ।

পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব সামলানোর পাশাপাশি সন্তানদের পড়াশোনার খরচ জোগাতে গ্রামীণ ব্যাংক থেকে ৮০ হাজার টাকা ঋণ নিয়েছেন বিশালের মা।

নিজের সংগ্রামের কথা জানিয়ে বিশাল বলেন, স্কুলে ভর্তির সময় এক বন্ধুর দেওয়া পুরোনো প্যান্ট ও জুতা ব্যবহার করেই তার শিক্ষাজীবন শুরু হয়। নবম শ্রেণি পর্যন্ত কোনো গৃহশিক্ষকের কাছে পড়ার সুযোগ হয়নি। পরে কয়েকজন শিক্ষক বিনা পারিশ্রমিকে তাকে পড়িয়েছেন। এইচএসসি পর্যায়েও এক প্রবাসী ও শিক্ষকদের সহযোগিতা পেয়েছেন তিনি।

বিশালের মা কণা রানী বলেন, স্বামী-স্ত্রী দুজনের সামান্য আয়ে সংসারের খরচ চালানোই কঠিন। তার ওপর রয়েছে ঋণের বোঝা। এত প্রতিকূলতার মধ্যেও ছেলে পড়াশোনা চালিয়ে ভালো ফল করায় তারা আনন্দিত।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!