ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

কুড়িগ্রামে ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নাতিকে ঘিরে সন্দেহ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৬, ২০ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ৬০ বছরের বৃদ্ধকে কুপিয়ে হত্যা, নাতিকে ঘিরে সন্দেহ
ছবি: ডেইলি বাংলাদেশ

কুড়িগ্রামের উলিপুরে মোকসেদ আলী ওরফে বাচ্চু মিয়া (৬০) নামে এক বৃদ্ধের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের নাতি জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন স্থানীয়রা। তবে হত্যাকাণ্ডের কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোররাতে উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের কিশামত মধুপুর খামার গ্রামের পণ্ডিতপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বাচ্চু মিয়া রংপুর মহানগরের মাহিগঞ্জ থানার নব্ধিগঞ্জ কলাবাড়ি এলাকার মৃত সজর উদ্দিন সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া রংপুর থেকে গ্রামের বাড়িতে বেড়াতে এসে তার ভাতিজা মিঠু মিয়ার বাড়িতে অবস্থান করছিলেন। সেখানে কোনো একসময় তিনি হত্যাকাণ্ডের শিকার হন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পরে রাত ২টা ২০ মিনিটের দিকে জাতীয় জরুরি সেবা নম্বরে ফোন করে হত্যাকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পেয়ে উলিপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে শয়নকক্ষ থেকে মরদেহ উদ্ধার করে। নিহতের বড় বোন মাজেদা বেগম মরদেহ শনাক্ত করেন।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। মামলা ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে পুলিশ কাজ করছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!