মঙ্গলবার (১ সেপ্টেম্বর) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ের দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় পথসভা।
জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।
.png)
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল খালেক বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে আদর্শ ও চেতনা নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন, সেই পথ ধরেই বিএনপি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কাজ করে যাচ্ছে। সকল দ্বিধা-দ্বন্দ্ব ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে।
পথসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।
বক্তারা তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।