২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে কুড়িগ্রাম জেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। দিনাজপুর শিক্ষা বোর্ডের ফলাফল পরিসংখ্যান অনুযায়ী, বোর্ডের মোট ২২টি বিদ্যালয়ে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার ঘটনা ঘটেছে, যার মধ্যে কুড়িগ্রামের এই চার প্রতিষ্ঠান রয়েছে।
তালতলা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১২ জন) ও ব্রাহ্মণপাড়া উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন)।,পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ১ জন)। পাথরডুবি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় (পরীক্ষার্থী ৪ জন)।
.png)
খোঁজ নিয়ে জানা গেছে, এসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা অত্যন্ত কম ছিল। বিদ্যালয়গুলোর শিক্ষক ও স্থানীয়দের মতে, শিক্ষার্থীদের ক্লাসে অনুপস্থিতি, বাল্যবিয়ে, ছেলেদের অল্প বয়সে শ্রমে বা কাজে জড়িয়ে পড়া এবং ভালো শিক্ষার্থীদের উপজেলা শহরের ভালো স্কুলে চলে যাওয়ার প্রবণতাই মূলত এই ফল বিপর্যয়ের প্রধান কারণ। এছাড়া কিছু প্রতিষ্ঠানে পর্যাপ্ত শিক্ষক সংকট ও নন-এমপিও থাকার কারণেও পাঠদানে ব্যাঘাত ঘটেছে।
এদিকে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম জানিয়েছেন, চলতি বছর জেলায় এসএসসিতে পাসের হার ৫৬ দশমিক ৩৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৭৯ জন। যেসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি, সেগুলোর বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।