ঢাকা,  বুধবার   ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

পাবনায় আওয়ামী লীগ সদস্যসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৫

ফরিদপুর (পাবনা) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০০, ৪ নভেম্বর ২০২৬
পাবনায় আওয়ামী লীগ সদস্যসহ পৃথক অভিযানে গ্রেপ্তার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

পাবনার ফরিদপুরে পুলিশের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক সক্রিয় সদস্য, অর্থঋণ আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত তিন আসামি এবং নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) ফরিদপুর থানা পুলিশের পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুরুল হাসান মাসুদের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গত ৩ নভেম্বর রাতে এসআই জাহিদুর রহমান বাদল মাহমুদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে নুরনবী মন্ডলকে (৪০) গ্রেপ্তার করেন। তিনি উপজেলার বিলচান্দক গ্রামের বাসিন্দা। একটি মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের পুংগলী ইউনিয়নের সক্রিয় সদস্য।

এদিকে অর্থঋণ আদালত আইনের ৩৪(১) ধারায় জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে পৃথক অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন বাদাল গ্রামের রাকিবুল ইসলাম, ধানুয়াঘাটা গ্রামের আবু তালেব ও খেতাবাঘা গ্রামের শাখাওয়াত হোসেন। তাদের বিরুদ্ধে পৃথক সিআর অর্থজারি মামলা রয়েছে।

অন্যদিকে, নেশাজাতীয় দ্রব্য সেবন করে মাতলামি করার অভিযোগে সুশান্ত কুমার দে (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনার দৌলতপুর থানার কুলিবাগান এলাকার বাসিন্দা। বর্তমানে পাবনার বেড়া থানার সিএনবি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

ফরিদপুর থানা পুলিশ জানায়, গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশি প্রহরায় তাদের পাবনার বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা/এমকে
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!