ঢাকা,  মঙ্গলবার   ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে রেললাইনে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৫, ১০ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে রেললাইনে আগুন
সিরাজগঞ্জে রেললাইনে আগুন। ছবি: ডেইলি বাংলাদেশ

যমুনা সেতুর পশ্চিমপাড় সিরাজগঞ্জ সদর উপজেলায় রেললাইনে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, জয়বাংলা, জয় বঙ্গবন্ধু,  সদর থানা ছাত্রলীগের পক্ষ থেকে দেশব্যাপী ধর্মঘট সফল হোক, সফল হোক ... ইত্যাদি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতেই সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি জহুরুল ইসলাম তালুকদার বলেন, রেললাইনে আগুন দেওয়ার পরই দুর্বৃত্তরা পালিয়ে যায়। পাশেই শহীদ এম. মনসুর আলী স্টেশন এলাকায় কর্মরত স্টাফরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। তবে ট্রেন চলাচলে কোনো বিঘ্নতার সৃষ্টি হয়নি।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রাকিবুল হাসান বলেন, সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে জড়িতদের কাউকে সেখানে পওয়া যায়নি।

এ ছাড়াও একই রাতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে সিরাজগঞ্জের হাটিকুমরুল মোড় ও উল্লাপাড়া এলাকায় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করার কযেকটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্য্যমে ছড়িয়ে পড়তে দেখা গেছে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!