শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরাতে হবে: ডা. জাহেদ
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে বন্দি বিনিময় চুক্তির প্রক্রিয়া অনুসরণ করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। এ ক্ষেত্রে তার মৌলিক অধিকার প্রয়োগের বিষয়েও মন্তব্য করেছেন তিনি।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আয়োজিত সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা।
শেখ হাসিনার পাসপোর্ট দেওয়ার অনুরোধ জানিয়ে করা একটি আবেদন প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে চায় সরকার। তিনি সাজাপ্রাপ্ত হওয়ায় তার ক্ষেত্রে অনেক মৌলিক মানবাধিকার কার্যকর হবে না বলেও মন্তব্য করেন তথ্য উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে কোন প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হবে, সেটি গুরুত্বপূর্ণ। বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই তাকে দেশে ফিরতে হবে।
এ সময় পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তথ্য উপদেষ্টা জানান, গার্মেন্টস শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত করা হবে।
দেশের বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা নিয়েও কথা বলেন তিনি। এসব ঘটনার পেছনে ‘মাফিয়া দলের’ অর্থায়ন বন্ধ হয়নি বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা বলেন, সরকার দ্রুত তাদের ধরবে।