ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রোড রোলারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল এক যাত্রীর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৯, ১৭ নভেম্বর ২০২৬
রোড রোলারের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার ধাক্কা, প্রাণ গেল এক যাত্রীর
বোরহানউদ্দিনে দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা, সংগৃহীত ছবি।

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা রোড রোলারের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে মো. জসিম (২৮) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী। গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে জসিমের মৃত্যু হয়।

মঙ্গলবার সকালে উপজেলার বড় মানিকা ইউনিয়নের ইদারার মোড় এলাকায় ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম চরফ্যাশন উপজেলার আলী আহম্মেদ মুন্সির ছেলে। আহতরা হলেন- লালমোহন উপজেলার আমেনা বেগম (২০) ও বরিশালের বাকেরগঞ্জ উপজেলার হাবীব (৩২)।

জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশাটি ভোলা থেকে যাত্রী নিয়ে চরফ্যাশনের দিকে যাচ্ছিল। পথে ইদারার মোড় এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি রোড রোলারের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। দুর্ঘটনার পর অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে যান।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জসিমের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে বরিশালে পাঠান। পরে অবস্থার আরও অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়া হচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন তিনি। মঙ্গলবার দুপুরে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশ্রাব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনায় আহত জসিমকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!