ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]
থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটে নাশকতার শঙ্কা

হযরত শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ২০ নভেম্বর ২০২৬
হযরত শাহজালাল বিমানবন্দরে নিরাপত্তা জোরদার
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (ফাইল ছবি)

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল ও গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেট ঘিরে নাশকতার পরিকল্পনার তথ্য পেয়েছেন গোয়েন্দারা। আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের অপেক্ষায় থাকা থার্ড টার্মিনালকে লক্ষ্যবস্তু করার আশঙ্কার পাশাপাশি হ্যাঙ্গার গেটেও হামলার পরিকল্পনা থাকতে পারে বলে ধারণা করছেন তারা। এমন তথ্য পাওয়ার পরপরই দুই স্থাপনা ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরাও ২৪ ঘণ্টা নজরদারি করছেন। বাড়ানো হয়েছে দায়িত্ব পালনকারী বেসামরিক কর্মীদের ওপরও নজরদারি।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর আসিফ ইকবাল বলেন, বিমানবন্দরে সব সময় নিরাপত্তাব্যবস্থা থাকে। তবে বর্তমান পরিস্থিতিতে তা আরও জোরদার করা হয়েছে। দেশের সব বিমানবন্দরে সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, দেশজুড়ে একটি গোষ্ঠী নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন থানা ও গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশপথগুলোতেও একাধিকবার ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে।

সূত্রের দাবি, রাজশাহী বিমানবন্দর ঘিরেও বড় ধরনের নাশকতার পরিকল্পনা ছিল। সেখানে উচ্চক্ষমতাসম্পন্ন দুটি গ্রেনেড পাওয়া যায়। নাশকতাকারীরা সুযোগ না পেয়ে সেগুলো বাইরে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। যদিও গ্রেনেড দুটি বিমানবন্দরের সীমানার বাইরে পাওয়া গেছে, তবে বিমানবন্দরসংলগ্ন এলাকায় হওয়ায় ঘটনাটি বিমানবন্দরকেন্দ্রিক হিসেবেই আলোচনায় এসেছে।

গোয়েন্দাদের ধারণা, দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক প্রচারের উদ্দেশ্যে বিমানবন্দরকে নাশকতার লক্ষ্যবস্তু করা হচ্ছে। বিশেষ করে থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেটের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা থাকতে পারে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে এবং পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কেন লক্ষ্যবস্তু থার্ড টার্মিনাল

গোয়েন্দা সূত্রের ভাষ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অন্যতম দৃষ্টিনন্দন স্থাপনা থার্ড টার্মিনাল। বিপুল ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই টার্মিনাল নিয়ে দেশ-বিদেশে ব্যাপক আগ্রহ রয়েছে। নির্মাণকাজ শেষ হলেও দীর্ঘদিন ধরে এটি অব্যবহৃত রয়েছে। সর্বশেষ ১৬ ডিসেম্বর উদ্বোধনের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে। এ উপলক্ষে শেষ মুহূর্তের কাজ দ্রুত এগিয়ে নিচ্ছেন সংশ্লিষ্টরা।

গোয়েন্দাদের ধারণা, উদ্বোধনের আগে টার্মিনালটিতে নাশকতা চালানো গেলে দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হতে পারে। আন্তর্জাতিক গণমাধ্যমেও ঘটনাটি গুরুত্ব পাবে। একই সঙ্গে দেশের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরি হবে। এমনকি নাশকতা সফল হলে টার্মিনালটির উদ্বোধন পিছিয়ে দেওয়ার পরিস্থিতিও সৃষ্টি হতে পারে। এসব বিবেচনায় স্থাপনাটিকে লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে বলে মনে করছেন তারা।

কেন গুরুত্বপূর্ণ হ্যাঙ্গার গেট

বিমানবন্দরের আরেকটি গুরুত্বপূর্ণ স্থাপনা হ্যাঙ্গার গেট। বিমানবন্দরের হ্যাঙ্গার, কার্গো কমপ্লেক্স এবং সংরক্ষিত ও অপারেশনাল এলাকায় প্রবেশের অন্যতম প্রধান পথ এটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটটি হ্যাঙ্গার গেট নামে পরিচিত।

এই গেট দিয়ে কার্গো ভিলেজ থেকে আমদানি-রপ্তানি পণ্য বাইরে নেওয়া হয়। বিমানের রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি, খুচরা যন্ত্রাংশ ও কারিগরি সরঞ্জামও এই পথ দিয়ে আনা-নেওয়া করা হয়। এ ছাড়া প্রকৌশলী, টেকনিশিয়ান, গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী, কাস্টমস কর্মকর্তা এবং জ্বালানি ও ক্যাটারিং সরবরাহকারী যানবাহন এই গেট ব্যবহার করে অপারেশনাল এলাকায় প্রবেশ করে।

জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স ও উদ্ধারকারী দলের যানবাহন প্রবেশের ক্ষেত্রেও গেটটি গুরুত্বপূর্ণ। আকাশপথে দেশের বৈদেশিক বাণিজ্যের বড় অংশ পরিচালিত হওয়ায় কার্গো পরিবহন, বিশেষ করে তৈরি পোশাকশিল্পের কাঁচামাল, জরুরি ওষুধ ও পচনশীল পণ্য খালাসের ক্ষেত্রে এর ভূমিকা রয়েছে।

এ ছাড়া হ্যাঙ্গারে থাকা বিমানের মেরামত ও রক্ষণাবেক্ষণের সরঞ্জাম সরবরাহের সঙ্গেও গেটটির কার্যক্রম জড়িত। ফলে এখানে কোনো ধরনের নাশকতা ঘটলে বিমানবন্দরের নিরাপত্তার পাশাপাশি কার্গো পরিবহন ও ফ্লাইট পরিচালনাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দাদের ধারণা, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় নাশকতা চালানো গেলে তা সহজেই দেশ-বিদেশের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। এ কারণেই হ্যাঙ্গার গেটকেও লক্ষ্যবস্তু করা হয়ে থাকতে পারে।

দুই স্থাপনা ঘিরে বাড়তি নিরাপত্তা

গোয়েন্দাদের কাছ থেকে নাশকতার পরিকল্পনার তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়। এরপর থার্ড টার্মিনাল ও হ্যাঙ্গার গেট ঘিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

থার্ড টার্মিনাল এলাকায় পোশাকধারী নিরাপত্তাকর্মীদের পাশাপাশি সাদাপোশাকের সদস্যরা দায়িত্ব পালন করছেন। টার্মিনালসংলগ্ন সড়ক ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের অংশে ২৪ ঘণ্টা নজরদারি চলছে। এ কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং সিসিটিভি ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে টার্মিনালে বিভিন্ন দায়িত্বে নিয়োজিত বেসামরিক কর্মীদের ওপরও নজরদারি বাড়ানো হয়েছে।

হ্যাঙ্গার গেট এলাকাতেও একই ধরনের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। গেট পর্যন্ত যাওয়ার সড়কগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। সেখানে বসানো হয়েছে এআই প্রযুক্তির ক্যামেরাও।

বেবিচক সদর দপ্তরের প্রধান ফটক থেকে হ্যাঙ্গার গেট পর্যন্ত সড়কে চলাচলকারীদের তল্লাশি করা হচ্ছে। হ্যাঙ্গার গেট দিয়ে বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করতে যাওয়া ব্যক্তিদেরও বিশেষ নজরদারিতে রাখা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!