ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

লোকালয়ের পুকুরে কুমির, নতুন ঠিকানা সাফারি পার্ক

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৪, ২০ নভেম্বর ২০২৬
লোকালয়ের পুকুরে কুমির, নতুন ঠিকানা সাফারি পার্ক
উদ্ধার হওয়া কুমির

লোকালয়ের একটি পুকুরে হঠাৎ দেখা মিলেছিল বিশাল এক কুমিরের। কয়েক দিন ধরে কুমিরটির উপস্থিতিতে উদ্বেগে ছিলেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুসাপুর এলাকার বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগ তিন দিন অভিযান চালিয়ে সেটিকে উদ্ধার করে। সাড়ে আট ফুট দৈর্ঘ্যের মিঠাপানির পুরুষ কুমিরটির নতুন আশ্রয় হয়েছে গাজীপুর সাফারি পার্কে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে কুমিরটি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে এটিকে রাখা হয়েছে পৃথক বেষ্টনীতে। নতুন কুমিরটি যুক্ত হওয়ায় পার্কে এ ধরনের প্রাণীর সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মুসাপুর এলাকার একটি পুকুরে কয়েক দিন ধরে কুমিরটি দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা বিষয়টি বন বিভাগকে জানান। খবর পেয়ে বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনায় উদ্ধার অভিযান শুরু হয়। টানা তিন দিনের চেষ্টায় কুমিরটি উদ্ধার করা সম্ভব হয়। পরে এর সংরক্ষণ ও পরিচর্যার জন্য গাজীপুর সাফারি পার্কে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
বন্য প্রাণী পরিদর্শক নিগার সুলতানা জানান, উদ্ধার হওয়া কুমিরটির দৈর্ঘ্য প্রায় আট ফুট। স্থানীয় উপজেলা পরিষদ ও বাসিন্দারা উদ্ধারে সহযোগিতা করেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনায় কুমিরটিকে সাফারি পার্কে পাঠানো হয়েছে।
বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার চলতি দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসাইন চৌধুরী বলেন, স্থানীয় বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে মিঠাপানির কুমিরটি উদ্ধার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে সেটি গাজীপুর সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান বলেন, রাত ১০টার দিকে প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা কুমিরটি পার্কে হস্তান্তর করেন। এটি মিঠাপানির পুরুষ কুমির। এর দৈর্ঘ্য প্রায় সাড়ে আট ফুট। বর্তমানে কুমিরটিকে পার্কের আলাদা একটি বেষ্টনীতে রাখা হয়েছে।
তিনি জানান, সাফারি পার্কে আগে থেকেই কুমির রয়েছে। নতুন কুমিরটি যুক্ত হওয়ায় বর্তমানে পার্কে কুমিরের সংখ্যা ১০টি। উদ্ধার হওয়া কুমিরটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। তবে এর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
কীভাবে পুকুরে এল কুমির?
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি লোকালয়ের পুকুরে মিঠাপানির কুমিরটির উপস্থিতি নানা প্রশ্নের জন্ম দিয়েছে। কুমিরটি প্রাকৃতিকভাবে সেখানে এসেছে, নাকি কেউ এটি অন্য কোথাও থেকে এনে পুকুরে ছেড়ে দিয়েছিল, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে কুমিরটি কারও ব্যক্তিগত হেফাজতে ছিল কি না, সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি।
সাধারণত মিঠাপানির কুমির নদী, বিল, হাওর ও হ্রদের মতো স্বাদুপানির জলাশয়ে বসবাস করে। এরা মাছ, ব্যাঙ, কচ্ছপ, পাখি ও ছোট প্রাণী শিকার করে। সাধারণত লাজুক স্বভাবের হলেও বিরক্ত বা উত্যক্ত করা হলে মানুষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে।
কুমিরটির প্রকৃত উৎস, স্বাস্থ্যগত অবস্থা এবং দীর্ঘমেয়াদি আবাসস্থল নিয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। ফলে লোকালয়ের পুকুরে এমন বন্য প্রাণীর উপস্থিতির কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি মোকাবেলায় বন বিভাগের পদক্ষেপের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

ডেইলি-বাংলাদেশ/গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!