ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি নিষ্ক্রিয়, ধ্বংসাবশেষে আ.লীগের স্মারকলিপি

পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৫৫, ২০ নভেম্বর ২০২৬
পঞ্চগড় ডিসি কার্যালয়ে আইইডি নিষ্ক্রিয়, ধ্বংসাবশেষে আ.লীগের স্মারকলিপি
পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়। ছবি: ডেইলি বাংলাদেশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে উদ্ধার হওয়া আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) প্রায় ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয় করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ১১টার দিকে কার্যালয়ের মাঠে নিরাপদ স্থানে নিয়ে বস্তুটি নিষ্ক্রিয় করা হয়। পরে এর ধ্বংসাবশেষ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির লোগোযুক্ত আট দফা দাবির একটি স্মারকলিপি উদ্ধার করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৬টার পর জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল টেপে মোড়ানো বস্তুটি দেখতে পান কর্মচারীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তাবেষ্টনী তৈরি করে। পরে বস্তুটি নিরাপদ স্থানে রাখা হয়। এ ঘটনায় পঞ্চগড়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে খবর পেয়ে এসআরবি-১৩-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। পরে রাজশাহী থেকে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের ডাকা হয়। রাতে তারা ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণের পর বস্তুটি নিষ্ক্রিয় করেন।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) তৌহিদ জানান, উদ্ধার হওয়া বস্তুটি তেমন ক্ষতিকর না হলেও এটি হাতে তৈরি একটি অপ্রচলিত বিস্ফোরক যন্ত্র ছিল। বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যরা সেটিকে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করেছেন।

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, সকাল থেকেই বস্তুটিকে বোমাসদৃশ হিসেবে বিবেচনায় নিয়ে নিরাপদে রাখার ব্যবস্থা করা হয়। পরে এসআরবির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পরীক্ষা করে এটিকে আইইডি বলে নিশ্চিত করেন।

বস্তুটির ধ্বংসাবশেষ থেকে একটি চিঠি বা স্মারকলিপি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে তিনি আরও বলেন, সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে কার্যালয়ের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসন সূত্রে জানা গেছে, মুখে মাস্ক ও শরীরে চাদর জড়ানো এক ব্যক্তি ভোররাতে বস্তুটি সেখানে রেখে যান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: পঞ্চগড়
লিংক সফলভাবে কপি হয়েছে!