ঢাকা, বৃহস্পতিবার ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩
কুমার শানুর আক্ষেপ: বলিউডের গানে আর সৃজনশীলতা নেই
জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু বলিউডের বর্তমান সংগীতজগতে আগের মতো সৃজনশীলতার স্বাধীনতা আর নেই বলে আক্ষেপ করেছেন। চার দশকের বেশি সময় ধরে সংগীতজগতে পথচলা এই শিল্পীর মতে, এখনো ভালো গান তৈরি হচ্ছে এবং প্রতিভাবান সুরকারেরও অভাব নেই। তবে সময়ের সঙ্গে বলিউডের সংগীত তৈরির ধরন অনেকটাই বদলে গেছে।
সম্প্রতি ২১ বছর পর উদিত নারায়ণের সঙ্গে একটি গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু। এরই মধ্যে এক সাক্ষাৎকারে বলিউডের সংগীতজগতের পরিবর্তন নিয়ে নিজের অভিজ্ঞতা ও ভাবনার কথা তুলে ধরেন ৬৯ বছর বয়সী এই গায়ক।
শানু জানান, আগে সংগীত পরিচালক, গীতিকার ও শিল্পীরা নিজেদের সৃজনশীলতা প্রকাশের পূর্ণ স্বাধীনতা পেতেন। একটি গানের পরিস্থিতি বুঝে সংগীত পরিচালক ১০ ধরনের সুর তৈরি করতে পারতেন। এরপর পুরো দল আলোচনা করে সেরা সুরটি বেছে নিত। তার মতে, শিল্পের আসল সৌন্দর্য লুকিয়ে ছিল এই সৃজনশীল চর্চার ভেতরেই।
প্রযুক্তির অগ্রগতিতে গান তৈরি সহজ হলেও এর প্রভাব পড়েছে শিল্পীদের নিষ্ঠা ও শৃঙ্খলায়। আগে একটি গান নিখুঁতভাবে গাওয়ার জন্য শিল্পীদের বাড়তি সতর্ক থাকতে হতো। কারণ একটি ভুল হলে পুরো সংগীতায়োজন আবার নতুন করে করতে হতো। তাই এক বা দুই টেকেই গান শেষ করার চেষ্টা থাকত। কিন্তু এখন অনেক সময় একটি গান শব্দ ধরে ধরে রেকর্ড করা হয় বলে উল্লেখ করেন তিনি।
অটো-টিউন ও মেলোডাইনের মতো আধুনিক প্রযুক্তির ব্যবহার নিয়েও কথা বলেছেন কুমার শানু। তার মতে, প্রযুক্তির ভালো ও মন্দ দুই দিকই রয়েছে। এর মাধ্যমে গান গাওয়া ও নাচের কাজ সহজ হয়েছে ঠিকই, তবে প্রযুক্তি দিয়ে কখনো শিল্প সৃষ্টি করা যায় না। শিল্পের প্রকৃত উৎস সৃষ্টিকর্তার দান কিংবা বংশগত প্রতিভা।
বর্তমান সময়ের সংগীত বা সুরকারদের ছোট করে দেখতে চান না নব্বইয়ের দশক ও দুই হাজারের শুরুর দিকে অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়া এই শিল্পী।