ঢাকা,  শুক্রবার   ২০ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

যমুনার ভাঙনে ঘর হারালেও কৃষিতে স্বপ্ন বুনছেন চরবাসী

গাজী শাহাদত হোসেন ফিরোজী, সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:২২, ২০ নভেম্বর ২০২৬
যমুনার ভাঙনে ঘর হারালেও কৃষিতে স্বপ্ন বুনছেন চরবাসী
জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় চরবাসীর। ছবি: ডেইলি বাংলাদেশ

যমুনার ভাঙন, বন্যা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই জীবন কাটে সিরাজগঞ্জের চরাঞ্চলের মানুষের। কখনো বসতভিটা হারিয়ে এক চর থেকে অন্য চরে আশ্রয় নিতে হয়, কখনো বন্যা ও ঝড়ের কবলে পড়ে নতুন করে জীবন শুরু করতে হয়। তবু এসব প্রতিকূলতার মধ্যেই কৃষি ও পশুপালনে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন তারা। একসময় অভাব-অনটনে দিন কাটলেও এখন ফসলের বাম্পার ফলন ও গবাদিপশুর খামার অনেক পরিবারের জীবনে স্বচ্ছলতা ফিরিয়ে আনছে।

সিরাজগঞ্জের কাজিপুর, চৌহালী, বেলকুচি, শাহজাদপুর ও সদর উপজেলার ২৬টি ইউনিয়নের পাঁচ লক্ষাধিক মানুষ যমুনার চরাঞ্চলে বসবাস করেন। দেড় শতাধিক চরের এসব মানুষের জীবনে নদীভাঙন, ভূমিক্ষয়, বন্যা, ঝড় ও দারিদ্র্য নিত্যসঙ্গী। নদীর ভাঙনে বসতভিটা ও জমিজমা হারিয়ে প্রতিবছরই অনেক পরিবারকে এক চর থেকে অন্য চরে আশ্রয় নিতে হয়। বারবার বাড়ি বদল যেন তাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ।

কাজিপুর উপজেলার চরগিরিশ, নিশ্চিন্তপুর, তেকানী, খাসরাজবাড়ী, মনসুরনগর ও নাটুয়াপাড়া; চৌহালী উপজেলার ঘোড়জান, স্থল, সাদিয়াচাঁদপুর, খাসকাউলিয়া ও ওমরপুর; শাহজাদপুর উপজেলার কৈজুরী, জালালপুর, রূপবাটি, সোনাতনী ও পোরজনা; বেলকুচি উপজেলার বরধুল এবং সদর উপজেলার ছোনগাছা, রতনকান্দি, মেছড়া, কাওখোলা ও কালিয়াহরিপুর ইউনিয়নের বিভিন্ন চরে মানুষের বসবাস।

সদর উপজেলার বেলুটিয়া চরের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, ৬০ বছরের জীবনে চারবার নদীভাঙনের শিকার হয়েছেন তিনি। এতে সব হারিয়ে তার পরিবার এখন পথে বসার উপক্রম হয়েছে।

আক্ষেপ করে তিনি বলেন, ‘বাপ-দাদার প্রায় ৫০ বিঘা জমি ছিল। বাড়িতে চার-পাঁচজন বছরভিত্তিক শ্রমিক কাজ করতেন। কিন্তু যমুনা সব কেড়ে নিয়েছে।’

প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি শিক্ষা ও চিকিৎসাসেবার সংকটও চরবাসীর জীবনকে কঠিন করে তুলেছে। অধিকাংশ চরে প্রয়োজনীয় শিক্ষাপ্রতিষ্ঠান নেই। কোথাও কোথাও প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ কিংবা মাদরাসা থাকলেও উচ্চশিক্ষার পর্যাপ্ত সুযোগ নেই। ফলে দুর্গম যোগাযোগব্যবস্থা পেরিয়ে সন্তানদের উচ্চশিক্ষায় শিক্ষিত করা অনেক পরিবারের পক্ষেই কঠিন হয়ে পড়ে।

চরাঞ্চলে চিকিৎসাসেবার চিত্রও নাজুক। অধিকাংশ চরে চিকিৎসাকেন্দ্র না থাকায় আধুনিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। সরকারি স্বাস্থ্যকর্মীরা মাঝেমধ্যে গেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয়রা। এ ছাড়া বাল্যবিবাহের প্রবণতা বেশি থাকায় ১২ থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে।

এত প্রতিকূলতার মধ্যেও যমুনার চরাঞ্চলে কৃষি সম্ভাবনা তৈরি হয়েছে। প্রতিবছর বন্যার পানির সঙ্গে আসা পলি জমির উর্বরতা বাড়ায়। ফলে তুলনামূলক কম খরচ ও পরিশ্রমে মরিচ, ভুট্টা, বাদাম, তিল, তিসি, কাউন, পাট, সরিষা, ধানসহ বিভিন্ন ফসল ও শাকসবজি উৎপাদন করছেন কৃষকরা। কৃষি বিভাগের সহায়তায় আধুনিক পদ্ধতিতে চাষাবাদ বাড়ায় অনেক চরে ফলনও হচ্ছে ভালো। পাশাপাশি গবাদিপশুর খামার গড়ে তুলে স্বাবলম্বী হচ্ছেন অনেক পরিবার।

সদর উপজেলার মেছড়া চরের হাড়িভাঙ্গা গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, এ বছর তিনি ১০ বিঘা জমিতে ধান এবং ৩০ বিঘা জমিতে ভুট্টা আবাদ করেছেন। তার মতো অনেক কৃষক ফসল উৎপাদনের পাশাপাশি গবাদিপশুর খামার গড়ে স্বচ্ছলতার পথ খুঁজে পেয়েছেন।

সিরাজগঞ্জ সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জামাত আলী মুন্সী বলেন, চরাঞ্চলের মানুষের দুর্ভোগ বেশি হয় শুষ্ক মৌসুমে। এ সময় দীর্ঘ পথ পায়ে হেঁটে পাড়ি দিতে হয়। তবে বর্ষাকালে পানি থাকায় চলাচলে তুলনামূলক সুবিধা হয়।

তিনি আরও বলেন, আগে চরাঞ্চলে মরিচের চাষ বেশি হলেও এখন ভুট্টাসহ বিভিন্ন ফসলের আবাদ বাড়ছে। কৃষকরা চাষাবাদের পাশাপাশি গবাদিপশুর খামার করেও লাভবান হচ্ছেন। আগের তুলনায় যোগাযোগব্যবস্থা ভালো হওয়ায় উৎপাদিত ফসল বাজারে নিয়ে ন্যায্যমূল্য পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। এতে ধীরে ধীরে সমৃদ্ধ হচ্ছে চরাঞ্চলের অর্থনীতি।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ/এমকে
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!