শ্রীবরদী সীমান্তে প্রায় ১৮ লাখ টাকার ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদী সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ডেনভার বডি স্প্রে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের সিজার মূল্য ১৭ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা।
আজ রোববার (১৫ নভেম্বর) ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) শ্রীবরদী উপজেলার হাড়িয়াকোনা সীমান্তে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির একটি দল। এ সময় সীমান্ত এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ডেনভার বডি স্প্রেগুলো পাওয়া যায়। পরে সেগুলো জব্দ করে সিজার করা হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিয়মিতভাবে অভিযান ও নজরদারি চালিয়ে যাচ্ছে। মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।