ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

কুবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা, ১০ স্টলে শিক্ষার্থীদের পণ্য

কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৩৩, ১৫ নভেম্বর ২০২৬
কুবিতে প্রথমবারের মতো উদ্যোক্তা মেলা, ১০ স্টলে শিক্ষার্থীদের পণ্য
ছবি: ডেইলি বাংলাদেশ

শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও উদ্যোক্তা হওয়ার আগ্রহ বাড়াতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) প্রথমবারের মতো দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ‘উদ্যোক্তা নেটওয়ার্ক’-এর উদ্যোগে আয়োজিত এ মেলায় শিক্ষার্থীরা নিজেদের তৈরি ও সংগৃহীত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।

রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন মেলার উদ্বোধন করেন। সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত চলবে এ আয়োজন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মইনুল হাসান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. হোসনে জাহান চৌধুরী। কেক কাটার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

মেলায় শিক্ষার্থীদের পরিচালিত ১০টি স্টলে বাহারি খাবার, হস্তশিল্প, জুয়েলারি, পোশাক ও বিভিন্ন ধরনের পণ্য স্থান পেয়েছে। শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে তৈরি ও সংগ্রহ করা পণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রিও করছেন। ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

অংশগ্রহণকারী উদ্যোক্তারা জানান, এ আয়োজনের মাধ্যমে নিজেদের পণ্যের পরিচিতি বাড়ানোর পাশাপাশি বাজারে চাহিদা ও গ্রহণযোগ্যতা যাচাইয়ের সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে অন্য উদ্যোক্তাদের সঙ্গে পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি হচ্ছে।

মেলায় অংশ নেওয়া ‘কণ্ঠলহরী’র উদ্যোক্তা সানজানা তালুকদার বলেন, উৎসবমুখর পরিবেশ এবং সহপাঠী ও সিনিয়র-জুনিয়রদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়ে তিনি আনন্দিত। এ আয়োজনের মাধ্যমে নিজের পণ্যের ভালো ও দুর্বল দিকগুলো চিহ্নিত করতে পারছেন, যা ভবিষ্যতে উদ্যোগকে এগিয়ে নিতে সহায়তা করবে।

উদ্যোক্তা শোভা ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে নিজের পণ্যের পরিচিতি বাড়ানোর সুযোগ পেয়েছেন। ভবিষ্যতে নিজের পণ্য নিয়েই এগিয়ে যেতে চান তিনি। সে লক্ষ্য পূরণে মেলাটিকে গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছেন।

আরেক উদ্যোক্তা পারভেজ সরকার বলেন, আগে বিভিন্ন বিভাগ থেকে এ ধরনের আয়োজন করা হলেও এবার প্রথমবারের মতো কেন্দ্রীয়ভাবে উদ্যোক্তাদের নিয়ে মেলা হচ্ছে। তাঁর স্টলে ছেলেদের জুতা, লোফার, স্যান্ডেল, মানিব্যাগ ও বেল্ট পাওয়া যাচ্ছে। ক্রেতাদের কাছ থেকেও ভালো সাড়া পাচ্ছেন। এ ধরনের আয়োজন নিয়মিত হলে তরুণ উদ্যোক্তারা আরও উৎসাহিত হবেন।

এদিকে মেলায় ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্টল ঘুরে পছন্দের পণ্য কিনছেন এবং নানা ধরনের খাবারের স্বাদ নিচ্ছেন।

মেলায় ঘুরতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান লুনা বলেন, মেলায় জুয়েলারি ও খাবারসহ বিভিন্ন ধরনের স্টল রয়েছে। তিনি পণ্য কেনার পাশাপাশি বিভিন্ন খাবারও উপভোগ করেছেন। সব মিলিয়ে আয়োজনটি তাঁর কাছে ভালো লেগেছে।

অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী জয়ন্ত কর্মকার বলেন, মেলায় মেয়েদের অলংকারের পাশাপাশি ছেলেদের জন্যও বিভিন্ন পণ্যের ভালো সংগ্রহ রয়েছে। প্রতিটি স্টলের পণ্যের মানও ভালো। এ ধরনের আয়োজনের মাধ্যমে সহপাঠীদের উদ্যোগকে উৎসাহিত করার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি বাইরের বাজারের তুলনায় শিক্ষার্থীদের নিজস্ব উদ্যোগে তৈরি পণ্য দেখারও সুযোগ মিলছে। এমন আয়োজন নিয়মিত হওয়া উচিত বলে মনে করেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/কুবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!