ঢাকা,  রোববার   ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

[ ক্যাম্পাস ]

রাবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশ

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৪, ১৫ নভেম্বর ২০২৬
রাবিতে নিষিদ্ধ সংগঠনের কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল-সমাবেশ
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ও পতিত ফ্যাসিবাদী শক্তির নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

রোববার (১৫ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে প্রশাসন ভবনের সামনে থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্যারিস রোডে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন অংশগ্রহণকারীরা।

সমাবেশে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুনুর রশীদ বলেন, গত ১৭ বছরে ফ্যাসিবাদী শক্তি অত্যাচার ও নিপীড়নের মাধ্যমে দেশকে বসবাসের অযোগ্য করে তুলেছিল। সেই বিভীষিকাময় পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

গণতান্ত্রিক শাসনব্যবস্থার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হতে হবে। পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের বাসে অগ্নিসংযোগ, রাস্তায় ককটেল বিস্ফোরণ, বাসাবাড়ি ও সরকারি স্থাপনায় আগুন দেওয়া এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের মতো কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আবদুল আলীম বলেন, পতিত সরকার ও পরাজিত শক্তির এজেন্টরা বিভিন্নভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে পারবে না। যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রোকসানা বেগম টুকটুকি বলেন, শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ ১৭ বছর ব্যাপক দমন-পীড়ন চালানো হয়েছে। ওই সময় নেতাকর্মীদের নিরাপদে থাকার সুযোগ ছিল না। অনেকে মসজিদ, মাদরাসা ও মাঠে আশ্রয় নিতে বাধ্য হয়েছিলেন।

তিনি আরও বলেন, নির্যাতনের পরও শেখ হাসিনা বিভিন্ন ধরনের হুমকি দিচ্ছেন এবং দেশে ফেরার চেষ্টা করছেন বলে শোনা যাচ্ছে। তার প্রত্যাবর্তন কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/রাবি/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!