জাবি ক্যাম্পাসে যানবাহন চলাচলে কড়াকড়ি, রাতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে যানবাহন প্রবেশ ও চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দেওয়া স্টিকারযুক্ত ও অনুমোদিত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের চলাচল নিয়ন্ত্রিত থাকবে। একই সঙ্গে রাতে বহিরাগত ব্যক্তি ও তাঁদের যানবাহনের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তার স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেকোনো সময় যেকোনো ব্যক্তি ও যানবাহন তল্লাশি করতে পারবে।
নির্দেশনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের সরবরাহ করা পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার কথা বলা হয়েছে।
এ ছাড়া ক্যাম্পাসে দর্শনার্থীদের প্রবেশ নিরুৎসাহিত করেছে প্রশাসন। বিশেষ করে রাতের বেলা সব ধরনের বহিরাগত ব্যক্তি ও তাঁদের যানবাহনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছে প্রশাসন।