রাবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। রোববার (১৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়। চলবে আগামী ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এ সময়ের মধ্যে ভর্তিচ্ছুরা বিশ্ববিদ্যালয়ের admission.ru.ac.bd ওয়েবসাইটে নির্ধারিত নিয়মে আবেদন করতে পারবেন।
এ ছাড়া এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের পর আবেদনের জন্য অতিরিক্ত সাত দিন সময় দেওয়া হবে।
ভর্তির আবেদনে মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীদের এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। দুই পরীক্ষায় মোট জিপিএ হতে হবে অন্তত ৬.৫০।
অন্যদিকে, বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং দুই পরীক্ষায় মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে।
জিসিই ‘ও’ লেভেল পরীক্ষায় পাঁচটি এবং ‘এ’ লেভেল পরীক্ষায় অন্তত দুটি বিষয়ে উত্তীর্ণ হতে হবে। দুই লেভেলের মোট সাতটি বিষয়ের মধ্যে চারটিতে ন্যূনতম ‘বি’ গ্রেড এবং তিনটিতে ন্যূনতম ‘সি’ গ্রেড থাকতে হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিটের (বাণিজ্য) পরীক্ষার মধ্য দিয়ে ভর্তি পরীক্ষা শুরু হবে। এরপর ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজ্ঞান) এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এবার দেশের আটটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্রে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। কেন্দ্রগুলো হলো রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট, ময়মনসিংহ ও বরিশাল। আবেদনের সময় পরীক্ষার্থীদের পছন্দের কেন্দ্র নির্বাচন করতে হবে। একবার কেন্দ্র নির্বাচন করলে পরবর্তী সময়ে তা পরিবর্তনের সুযোগ থাকবে না।
পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন
২০২৫ ও ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার পাঠ্যসূচি অনুযায়ী ১০০ নম্বরের বহুনির্বাচনি (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে মোট ৮০টি প্রশ্ন থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। একটি প্রশ্নে একাধিক উত্তর দিলে সেটিও ভুল হিসেবে গণ্য হবে। পরীক্ষায় পাস নম্বর ৪০।
যোগ্যতা পূরণ সাপেক্ষে যেকোনো শাখার শিক্ষার্থীরা তিনটি ইউনিটেই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের নিজ নিজ শাখার নির্ধারিত জিপিএর শর্ত পূরণ করতে হবে। কোটায় আবেদনকারীদের অনলাইনে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।
ইউনিটভিত্তিক আবেদন ফি
-
‘এ’ (মানবিক) ও ‘সি’ (বিজ্ঞান) ইউনিটে সার্ভিস চার্জসহ আবেদন ফি ১ হাজার ৩২০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার ২০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২০ টাকা।
-
‘বি’ (বাণিজ্য) ইউনিটে সার্ভিস চার্জসহ আবেদন ফি ১ হাজার ১০০ টাকা। এর মধ্যে মূল ফি ১ হাজার টাকা এবং সার্ভিস চার্জ ১০০ টাকা।