ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

রাঙামাটিতে ১৯ নভেম্বর নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা

রাঙ্গামাটি প্রতিনিধি
প্রকাশিত: ২০:১৬, ১৮ নভেম্বর ২০২৬
রাঙামাটিতে ১৯ নভেম্বর নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা
রাঙামাটিতে ১৯ নভেম্বর নৈরাজ্য করলে কঠোর ব্যবস্থা

সারা দেশে হামলা, অগ্নিসংযোগ, গুপ্ত হামলা ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের কাঠালতলীতে  দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা ফারুক আহমেদ সাব্বিরের নেতৃত্বে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বর ঘুরে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ফারুক আহমেদ সাব্বির, জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনিসহ ছাত্রদল, যুবদল, কৃষকদল ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারা।

বক্তারা বলেন, পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ও তাঁর অনুসারীরা দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে ফেলে রেখে গেলেও তাঁদের অনুসারীরা এখনো দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। দেশের বিভিন্ন স্থানে গুপ্ত হামলা, অগ্নিসংযোগ, পুলিশের ওপর হামলা এবং থানা ও যানবাহনে আগুন দেওয়ার মতো কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

তারা আরও বলেন, আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের যেসব নেতাকর্মী সন্ত্রাস, নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত, তাদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার এবং আইনের আওতায় আনতে হবে। বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা মাঠপর্যায়ের নেতাকর্মীদের ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন বক্তারা।

১৯ নভেম্বর তথাকথিত লকডাউনের নামে রাঙামাটি শহরে কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। তারা বলেন, রাঙামাটির শান্তিপূর্ণ পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

সমাবেশ থেকে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা এবং নাশকতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ডেইলি-বাংলাদেশ/রাঙ্গামাটি
লিংক সফলভাবে কপি হয়েছে!