ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে তজুমদ্দিনে বিএনপির বিক্ষোভ
ভোলার তজুমদ্দিন উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার সন্ধ্যায় উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে নানা স্লোগান দেন।
পরে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য, ষড়যন্ত্র ও অপতৎপরতা রুখে দিতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে নেতৃত্ব দেন ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হাসান মো. সাফা পিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর ইউনিয়ন দক্ষিণ বিএনপির সভাপতি মহিউদ্দিন জুলফিকার, ভোলা জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন হাওলাদারসহ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।