সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে চিপস তৈরি, ৫০ হাজার টাকা জরিমানা
সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং মোড়কে প্রয়োজনীয় তথ্য না থাকার অপরাধে একটি চিপস তৈরির কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একইসঙ্গে পরিবেশ উন্নত না করা পর্যন্ত কারখানাটির উৎপাদন সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে সিরাজগঞ্জ সদর উপজেলার রায়পুর এলাকায় অবস্থিত ‘মেসার্স খান ফুডস প্রোডাক্টস’-এর কারখানায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।
অভিযানে কারখানাটিতে ক্ষতিকর কোনো রং পাওয়া না গেলেও চিপসের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই-এর মোড়ক লাইসেন্স ছিল না। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে চিপস উৎপাদন ও বাজারজাত করা হচ্ছিল। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মো. ইমন খানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে আধুনিক ড্রায়ার মেশিনে চিপস শুকানোর পরামর্শ দেওয়া হয় এবং আধুনিক যন্ত্রপাতি স্থাপন ও কারখানার পরিবেশ উন্নত না করা পর্যন্ত উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন অভিযানের পাশাপাশি শহরের বাজারে ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতিও তদারকি করা হয়।
অভিযান চলাকালে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।