মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভের চেষ্টা
মজুরি বোর্ডের সভা স্থগিত এবং ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকরা। তবে পুলিশ ও বিজিবি সদস্যদের উপস্থিতিতে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পল্লবী থানার ডিউটি অফিসার এসআই তানভীর এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এখন কোনো ঝামেলা নেই। রাস্তা ক্লিয়ার আছে। সকালে আন্দোলনকারীরা জড়ো হয়েছিলেন, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক।’
পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে বলেও জানান তিনি।
জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে পল্লবী থানাধীন সেকশন-৭ এলাকার বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হয়। পরে অধিকাংশ শ্রমিক বাসায় ফিরে গেলেও কয়েকটি পোশাক কারখানার শ্রমিক পল্লবী-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে সড়ক অবরোধ করে বিক্ষোভের চেষ্টা করেন। এ সময় কিছুক্ষণের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা উপস্থিত রয়েছেন।