[ দেশজুড়ে ]
হঠাৎ কুয়াশার চাদরে জয়পুরহাট, শীতের আগমনী বার্তা
কুয়াশার সাদা চাদরে মোড়ানো জয়পুরহাটের গ্রামীণ জনপদ।ছবি:ডেইলি বাংলাদেশ
হঠাৎ করেই কুয়াশার চাদরে ঢেকে গেছে জয়পুরহাটের প্রকৃতি। জেলার বিভিন্ন এলাকায় ভোর থেকেই দেখা মিলছে হালকা থেকে মাঝারি কুয়াশার। হিমেল বাতাস আর কুয়াশাচ্ছন্ন পরিবেশে বাড়তে শুরু করেছে শীতের আমেজ। ভোরের সোনালি রোদের সঙ্গে কুয়াশার লুকোচুরি জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলার বিভিন্ন মাঠঘাট, গ্রামীণ সড়ক ও জনপদে কুয়াশার আবছা আবরণ দেখা যায়। ভোরের দিকে কুয়াশায় চারপাশ ঢেকে যাওয়ায় প্রকৃতিতে তৈরি হয়েছে এক স্নিগ্ধ ও মনোরম পরিবেশ। ধীরে ধীরে বিদায় নিচ্ছে শরৎ-হেমন্ত, আর আগমনী বার্তা নিয়ে হাজির হচ্ছে শীতকাল।
সকালের কুয়াশায় ঢাকা প্রকৃতির অপরূপ সৌন্দর্য মুগ্ধ করছে পথচারী ও প্রকৃতিপ্রেমীদের। বিশেষ করে গ্রামীণ জনপদে শীতের উপস্থিতি বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও কমতে পারে এবং শীতের তীব্রতা বাড়ার সম্ভাবনা রয়েছে।
ঋতু পরিবর্তনের এ সময়ে শীতজনিত রোগবালাই থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জয়পুরহাট ৪০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সরদার রাশেদ মোবারক জুয়েল বলেন, ঋতু পরিবর্তনের এ সময়ে দিনে গরম থাকলেও রাত ও ভোরে ঠান্ডা অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন তারতম্যের কারণে শিশু ও বয়স্করা সর্দি-কাশি, জ্বর ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন।
তিনি আরও বলেন, এ সময় শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ যত্ন নিতে হবে। প্রয়োজন অনুযায়ী গরম কাপড় ব্যবহার, পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পাশাপাশি অসুস্থ বোধ করলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
ডেইলি-বাংলাদেশ/জয়পুরহাট
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!