ঢাকা, বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩
২০২৭ সালের জন্য ডিজেল-অকটেন কিনবে সরকার
২০২৭ সালের জ্বালানি চাহিদা মেটাতে প্রায় ৮ হাজার ১০ কোটি টাকা ব্যয়ে ডিজেল, হাই সালফার ফার্নেস অয়েল ও অকটেন আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য চারটি পৃথক প্রস্তাবে অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বুধবার (২৫ নভেম্বর) অনুষ্ঠিত কমিটির ৫৪তম সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবগুলো উপস্থাপন করা হয়। সভায় চারটি প্রস্তাবই অনুমোদনের সুপারিশ পায়।
প্রস্তাব অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ০.০০৫ শতাংশ সালফারযুক্ত ডিজেল আমদানি করা হবে। পিজি-০৩/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় এ তেল আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৯৬০ কোটি ৪০ লাখ ৯০ হাজার টাকা। এ প্যাকেজে সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করা হয়েছে।
একই প্রতিষ্ঠান থেকে পিজি-০৪/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় আরও ডিজেল আমদানির প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৪৪৪ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা।
এ ছাড়া পিজি-০৫/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় ১৮০ সিএসটি হাই সালফার ফার্নেস অয়েল আমদানি করা হবে। এতে ব্যয় নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৪৯৩ কোটি ৬১ লাখ ৪০ হাজার টাকা। এ প্যাকেজেও সরবরাহকারী হিসেবে ট্রাফিগুরা পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে।
অন্যদিকে, পিজি-০৬/১এইচ২০২৭ প্যাকেজের আওতায় গ্যাসোলিন ৯৫ আনলেডেড বা অকটেন আমদানিতে ব্যয় হবে ২ হাজার ১১১ কোটি ১৪ লাখ ২০ হাজার টাকা। এ প্রস্তাবে সরবরাহকারী হিসেবে ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেডকে নির্বাচনের সুপারিশ করেছে কমিটি।