গুলশানে মিছিলের নেতৃত্বদানকারী হামিদুর রহমান গ্রেপ্তার
রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ঝটিকা মিছিলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে কাজী হামিদুর রহমান (৪৯) নামে এক স্থানীয় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে খিলক্ষেত এলাকার পিংক সিটি সংলগ্ন স্থান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় খিলক্ষেত থানা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
.png)
গ্রেপ্তারকৃত কাজী হামিদুর রহমান খিলক্ষেত থানাধীন ৪৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি। এ ছাড়া তিনি খিলক্ষেত থানা আওয়ামী লীগের সভাপতি কেরামত আলীর বডিগার্ড হিসেবে দায়িত্ব পালন করতেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। তিনি খিলক্ষেতের বড়ুয়া দেওয়ানপাড়া এলাকার মৃত কাজী আব্দুল মতিনের ছেলে।
খিলখেত থানা সূত্রে জানা গেছে, গত ১১ সেপ্টেম্বর দুপুরে গুলশানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, কাজী হামিদুর রহমান একটি মোটরসাইকেল নিয়ে মিছিলটির একদম সামনের সারিতে ছিলেন। তিনি মোটরসাইকেলে থেকে স্লোগান দিচ্ছিলেন এবং মিছিলে অন্যতম নেতৃত্ব প্রদান করছিলেন।
খিলক্ষেত থানা পুলিশ জানায়, গ্রেপ্তার হামিদুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।