ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কখনো হাত, কখনো পা দিয়ে শাশুড়িকে মারধর, ভাইরাল ভিডিও

রংপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৪১, ১৭ সেপ্টেম্বর ২০২২
কখনো হাত, কখনো পা দিয়ে শাশুড়িকে মারধর, ভাইরাল ভিডিও
ফাইল ছবি

রংপুরের কাউনিয়ায় পারিবারিক কলহের জেরে রাস্তায় ফেলে বৃদ্ধা শাশুড়ি আয়েশা বেগমকে অমানবিক নির্যাতন করেছেন পুত্রবধূ রত্না বেগম। নির্যাতনের এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান। এর আগে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর মাঠের পাড় গ্রাম থেকে আটক করা হয় রত্না বেগমকে। 

ভিডিওটিতে দেখা যায়, রাস্তায় মাটিতে ফেলে এক বৃদ্ধাকে মারধর করছেন আরেক নারী। এ সময় বৃদ্ধা নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে চিৎকার করলেও বেশির মানুষ আশপাশে দাঁড়িয়ে দেখছিলেন। তবে অভিযুক্ত নারী কখনো হাত দিয়ে, আবার কখনো পা দিয়ে মুখে মাথায় মারতে থাকেন। এ সময় একজন পুরুষ এসে তাদের আলাদা করার চেষ্টা করে। তবে অভিযুক্ত নারী ক্ষিপ্ত হয়ে আবারো বৃদ্ধার ওপর চড়াও হয়ে স্যান্ডেল দিয়ে পেটাতে থাকেন।

Advertisement

বালাপাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য হায়দার আলী জানান, ভুক্তভোগী আয়েশা বেগম স্বামীর বাড়িতে একা বসবাস করতেন। আর ছেলে আশরাফুল ইসলাম তার স্ত্রীসহ পাশে আলাদা বাড়িতে থাকেন। আশরাফুল কয়েক দিন আগে কাউকে কিছু না বলে ঢাকায় চলে যান। এ নিয়ে শাশুড়িকে সন্দেহ করে গত বৃহস্পতিবার সকালে তার বাড়িতে গিয়ে স্বামীর খোঁজখবর চান রত্না। এ সময় অভিযুক্ত রত্না তার শাশুড়িকে বকাবকি করার একপর্যায়ে অশালীন ভাষায় গালিগালাজ শুরু করে। পরে শাশুড়ি প্রতিবাদ করলে তাকে বাড়ি থেকে বের করে রাস্তায় মাটিতে ফেলে মারধর করে রত্না। এ সময় কেউ একজন ঘটনার ভিডিও ধারণ করে ফেসবুকে পোস্ট দিলে ভাইরাল হয়।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিমুর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার রাত ৯টার দিকে বৃদ্ধা থানায় অভিযোগ দিয়েছেন। পরে একই দিন রাতে অভিযুক্ত রত্নাকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!