ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা, ইটপাটকেল নিক্ষেপ

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: ১২:১৭, ৬ আগস্ট ২০২৬
সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা, ইটপাটকেল নিক্ষেপ
হামালায় ক্ষতিগ্রস্ত সাকিব আল হাসানের বাড়ি পরিদর্শন করছেন পুলিশ। ছবি: ডেইলি বাংলাদেশ

দিল্লিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস ব্রিফিংয়ে অংশগ্রহণ করার কিছুক্ষণ পরেই মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। সাকিবের ব্যক্তিগত ভেরিফায়েড পেজ থেকেও ওই সংবাদ সম্মেলন লাইভ প্রচার করা হয়। 

মাগুরা শহরের কেশব মোড় এলাকায় সাহাপাড়ার বাড়িটিতে বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এটি পেট্রোল বোমার হামলা ছিল কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। তবে ঘটনাস্থলে পরিত্যক্ত অবস্থায় দুটি কোকের বোতল পাওয়া গেছে। 

Advertisement

স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৯টার দিকে বাড়ির দক্ষিণ পাশের লোহার প্রধান গেটের উপরের অংশ লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি দাহ্য বস্তু নিক্ষেপ করে। এ সময় গেটের কিছু অংশে আগুন ধরে যায়। এ সময় হামলাকারীদের ইট পাটকেলের আঘাতে সাকিবের বাড়ির কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। 

খবর পেয়ে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে মাগুরা সদর থানা পুলিশের একটি দল পৌঁছে ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে।

স্থানীয় বাসিন্দারা জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত করে কিছু বলতে পারেননি। 

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন বলেন, ‘ঘটনাটি আমরা পর্যবেক্ষণ করছি। তদন্ত শেষে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।’

ঘটনার প্রকৃত কারণ, ব্যবহৃত বস্তু এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এম ইউ
লিংক সফলভাবে কপি হয়েছে!