সোমবার (১০ আগস্ট) ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ফলাফল বিশ্লেষণে খাগড়াছড়ির এই চিত্র উঠে এসেছে। একই সঙ্গে বোর্ডজুড়েও ফলাফলে বড় অবনতি হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, যেখানে গত বছর ছিল ৭২ দশমিক ৭ শতাংশের কাছাকাছি।
জেলা পর্যায়ে ফলাফলের এই অবনতির মধ্যে খাগড়াছড়ির কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হতে পারেনি বলে স্থানীয়ভাবে পাওয়া ফলাফলে জানা গেছে। এর মধ্যে রয়েছে ভাইবোনছড়া গার্লস হাই স্কুল, মাটিরাঙ্গা ১০ নম্বর সেন্ট প্যাট্রিক আলুটিলা জুনিয়র হাই স্কুল, জারুলছড়ি হেডম্যান পাড়া হাই স্কুল এবং তারাবানিয়া হাই স্কুল।
.png)
খাগড়াছড়ির ফলাফল নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ফলাফল, শিক্ষক সংকট, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের পরিবেশ এবং শিক্ষা ব্যবস্থাপনার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে শুধু পরীক্ষার ফলাফলের ভিত্তিতে কোনো একটি কারণকে দায়ী না করে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের সমন্বিতভাবে ফলাফল বিশ্লেষণ করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ জেলার সামগ্রিক পাসের হার গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে।
এ অবস্থায় খাগড়াছড়ির শিক্ষা ব্যবস্থায় কোথায় ঘাটতি রয়েছে এবং ফলাফল বিপর্যয়ের পেছনে প্রকৃত কারণ কী—তা চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।