ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৫০, ৩০ আগস্ট ২০২৬
রায়পুরার বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনও’র
ছবি: ডেইলি বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় ঐতিহ্যবাহী বালুয়াকান্দি উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়, ক্রীড়া সামগ্রী ও পুরস্কার বিতরণ এবং বিজ্ঞান ল্যাব ও শ্রেণিকক্ষ পরিদর্শন করেন।

রোববার (৩০ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পরিদর্শন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

পরিদর্শনের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মো. মাসুদ রানা। এ সময় বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, পাঠদানের মান, পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা হয়।

Advertisement

পরে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়। একই সঙ্গে বিভিন্ন প্রতিযোগিতা ও ক্রীড়া কার্যক্রমে ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়।

বিদ্যালয় পরিদর্শনকালে বিজ্ঞান ও অন্যান্য ল্যাবরেটরি, শ্রেণিকক্ষসহ শিক্ষা কার্যক্রমের বিভিন্ন অংশ ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এ সময় বিদ্যালয়ের অবকাঠামো, শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা সম্পর্কেও খোঁজখবর নেন তিনি।

মো. মাসুদ রানা বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত করা প্রয়োজন। এতে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি নেতৃত্বের গুণাবলি ও সৃজনশীলতা বৃদ্ধি পাবে।’

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুন্দর, নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য সহায়ক পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মাসুদ রানা।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!