সোমবার (৩১ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটা এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ক্ষতিগ্রস্ত বাসটি সরিয়ে নেওয়া হলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ৭টার দিকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পার হচ্ছিলেন মরিয়ম আক্তার। এ সময় তাকওয়া পরিবহনের একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয় লোকজন ও তার সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
.png)
দুপুরে মরিয়মের মৃত্যুর খবর কারখানায় পৌঁছালে সহকর্মী শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাকওয়া পরিবহনের অপর একটি মিনিবাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় মহাসড়কে কিছু সময় যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষতিগ্রস্ত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, তাকওয়া পরিবহনের বাসের চাপায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ খবর পেয়ে নিহতের সহকর্মীরা একটি বাসে অগ্নিসংযোগ করেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
নিহত মরিয়ম আক্তার স্থানীয় একটি সোয়েটার কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তার বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।