মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে শহরের চালাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন। তার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম।
.png)
নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে নিজ কক্ষে ঘুমাতে যান শিলা। এ সময় তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন বলে দাবি স্বজনদের। সকালে তার মৃত্যুর খবর জানতে পারেন তারা।
স্বজনদের দাবি, শিলার মৃত্যুর পেছনে কোনো কারণ থাকতে পারে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।
এদিকে, নার্স শিলার মৃত্যু নিয়ে এলাকায় রহস্যের সৃষ্টি হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে পুলিশ।
তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। একই সঙ্গে ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।