সোমবার (৭ সেপ্টেম্বর) রাঙ্গামাটির পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা।
৭ সেপ্টেম্বর শুরু হওয়া এ প্রশিক্ষণ চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। এতে রাঙ্গামাটির ৩৫ জন পেশাদার সংবাদকর্মী অংশ নিয়েছেন। প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
.png)
প্রশিক্ষণের প্রথম দিনে নিবন্ধন ও পরিচিতি পর্বের পর ‘এআই কী এবং সাংবাদিকতায় এআইয়ের ব্যবহার’, ‘প্রম্পট ইঞ্জিনিয়ারিং’, ‘গুগল ট্রেন্ডিং ও গুগল ট্রেন্ডস টুল’ এবং সাংবাদিকতায় এআই ব্যবহারের নৈতিকতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
দ্বিতীয় দিনে ‘রিক্যাপিং’, ‘নোটবুক এলএম’, ‘ডেটা বিশ্লেষণ ও কনটেন্ট তৈরি’, ছবি ও অডিও কনটেন্ট তৈরি, ভিডিও কনটেন্ট তৈরি, ‘গুগল এআই স্টুডিও ব্যবহার’ ও পডকাস্ট তৈরি বিষয়ে সেশন রয়েছে। একই দিনে সাংবাদিকদের শারীরিক নিরাপত্তা এবং প্রতিকূল পরিবেশে রিপোর্টিং নিয়েও প্রশিক্ষণ দেওয়া হবে।
তৃতীয় দিনের প্রশিক্ষণে ‘ডিজিটাল নিরাপত্তা’, ‘ফ্যাক্ট চেকিংয়ের ধারণা, তথ্য ও গণমাধ্যম সাক্ষরতা’, ‘ফ্যাক্ট চেকিং: ছবি ও ভিডিও যাচাই’ এবং ‘ফ্যাক্ট চেকিং: এআই ও ডিপফেক’ বিষয়ে আলোচনা ও ব্যবহারিক অনুশীলন থাকবে। পরে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে তিন দিনের প্রশিক্ষণ শেষ হবে।
আয়োজকেরা জানান, রাঙ্গামাটি জেলার সাংবাদিকদের এআই, ফ্যাক্ট চেকিং ও সাংবাদিকদের নিরাপত্তা বিষয়ে প্রয়োজনীয় ও যুগোপযোগী ধারণা দেওয়া এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সমসাময়িক প্রেক্ষাপটে সাংবাদিকতার চ্যালেঞ্জ চিহ্নিত করা, তা মোকাবিলার উপায় সম্পর্কে ধারণা দেওয়া এবং এআই ও ফ্যাক্ট চেকিংয়ের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতার গুরুত্ব তুলে ধরা হচ্ছে।
প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতিমালা, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, অংশগ্রহণকারীদের দক্ষতা উন্নয়ন এবং মানসম্পন্ন প্রতিবেদন তৈরির সক্ষমতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা বলেন, বর্তমান সময়ে এআই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রযুক্তি। এটি তথ্য সংগ্রহ ও বিভিন্ন কাজে সাংবাদিকদের সহযোগিতা করতে পারে। তবে এর অপব্যবহার থেকে বিরত থাকতে হবে। সংবাদ পরিবেশনের সময় তথ্য সঠিক কি না, সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, সাংবাদিকতার নিয়ম-নীতি অনুসরণ করে সঠিক তথ্য পরিবেশন করতে হবে। সাংবাদিকদের পেশাদারত্বের সঙ্গে দায়িত্বশীলভাবে সংবাদ পরিবেশন করা উচিত।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজ। এ সময় ইউনেস্কোর বাংলাদেশ কার্যালয়ের মিডিয়া অ্যান্ড ইনফরমেশন প্রজেক্ট লিড শাকিল এম. ফয়সাল উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের বিভিন্ন সেশনে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ, আরিফুল ইসলাম আরমান, এস এস আলম আরেফিনসহ সংশ্লিষ্ট প্রশিক্ষকেরা।