ঢাকা,  মঙ্গলবার   ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: যা জানাল ফায়ার সার্ভিস

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫৮, ২২ সেপ্টেম্বর ২০২৬
আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: যা জানাল ফায়ার সার্ভিস
ছবি: সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের ‘এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক’র ভেতরে দাঁড়িয়ে থাকা ভ্রাম্যমাণ সিলিন্ডার লরিতে ভয়াবহ আগুন ও বিস্ফোরণের ঘটনায় প্রাথমিক অনুসন্ধান চালিয়েছে ফায়ার সার্ভিস। তাদের অনুসন্ধানে আগুনের সূত্রপাত ও দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে কিছু তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আনসার সদস্য, শ্রমিক ও পথচারীসহ ২০ জনেরও বেশি মানুষ।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, কারখানা প্রাঙ্গণে দেওয়ালের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা লরিগুলোর একটি থেকে আগুনের সূত্রপাত হয়। এসব লরির মধ্যে ৪ নম্বর লরিতে প্রথম বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।

Advertisement

জিরাবো ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাবুদ্দিন জানান, কারখানাটিতে তিতাসের গ্যাসের সংযোগ থাকলেও লাইনে পর্যাপ্ত চাপ না থাকায় বিকল্প হিসেবে সিলিন্ডার লরি থেকে গ্যাস ব্যবহার করা হতো। তবে এসব লরিতে ব্যবহৃত সিলিন্ডারগুলো মেয়াদোত্তীর্ণ ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সিলিন্ডারের ভেতরে থাকা অতিরিক্ত চাপ বা প্রযুক্তিগত ত্রুটির কারণে ৪ নম্বর লরিতে হঠাৎ বিস্ফোরণ ঘটে বলে ধারণা করা হচ্ছে।

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কাভার্ডভ্যানের ওপরের অংশ ও সিলিন্ডারের খণ্ডাংশ চারদিকে ছড়িয়ে পড়ে। একটি অংশ ছিটকে পাশের ১০তলা ভবনের ছাদে গিয়ে পড়ে। সিলিন্ডারের মূল সরবরাহ লাইনেও আগুন ধরে যায়।

তিনি আরও বলেন, ঘটনাটি তদন্তে বিভাগীয়ভাবে চার সদস্যের একটি কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিতে সহকারী পরিচালককে সভাপতি, কমান্ডারকে সদস্যসচিব এবং সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তা ও ইন্সপেক্টরকে সদস্য করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআই
লিংক সফলভাবে কপি হয়েছে!