ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৬১ লাখ টাকার ভারতীয় পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
শুক্রবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন বিজিবি-৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম।
.png)
বিজিবি জানায়, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, চন্ডিদার, মঈনপুর, খাদলা ও মাদলা এবং কুমিল্লার সালদানদী, শশীদল ও শংকুচাইল সীমান্ত এলাকায় বিজিবির টহল দল পৃথক অভিযান চালায়।
অভিযানে ভারতীয় অবৈধ শাড়ি, গার্নিয়ার ফেসওয়াশ, অলিভ অয়েল, পন্ডস পাউডার ও ক্রিম, শ্যাম্পু, জনসন বেবি লোশন ও পাউডার, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুচকা, বাসমতি চাল, বাজি, গরু, মদ, ইয়াবা, বিয়ার ও গাঁজা উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধার করা পণ্যগুলোর বাজারমূল্য প্রায় ৬০ লাখ ৮৫ হাজার ২৫০ টাকা। তবে অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
উদ্ধার করা ভারতীয় পণ্যগুলো আইনানুগ প্রক্রিয়া শেষে ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা কাস্টমস কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।
লে. কর্নেল এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।