আজ ১৪ ঘণ্টা গ্যাস থাকবে না ব্রাহ্মণবাড়িয়ায়
জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলার সব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় প্রতিষ্ঠানটি।
.png)
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে নির্ধারিত সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার আওতাধীন সব এলাকায় আবাসিক, বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে।
এতে বিভিন্ন শ্রেণির গ্রাহককে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে। তবে নির্ধারিত সময়ের মধ্যেই মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করে গ্যাস সরবরাহ স্বাভাবিক করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।