বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এসএসসি পরীক্ষার্থী তিন বন্ধু নিহত
বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। নিহত তিনজনই চলতি বছর একসঙ্গে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তারা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বামরাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আটিপাড়া গ্রামের তাওহীদ ও সৌরভ এবং ৭ নম্বর ওয়ার্ডের ধামসর গ্রামের মুত্তাকিন।
.png)
স্থানীয় ব্যবসায়ী সেলিম সরদার জানান, বরিশাল থেকে ঢাকাগামী মোটরসাইকেলটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী ‘সুরভী পরিবহন’-এর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে ছিটকে যায়। পরে বাসটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে গিয়ে থামে।
দুর্ঘটনার পর বাসের চালক ও সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান স্থানীয়রা।
দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে।
এ ঘটনায় বাসটি শনাক্ত ও চালক-সহকারীকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।