নিয়ামতপুরে অপ সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধন
নওগাঁর নিয়ামতপুরে অবৈধ ও অনিবন্ধিত সংবাদমাধ্যমের কার্যক্রম, বিভিন্ন ভুঁইফোঁড় সংগঠনের পরিচয়ে অপসাংবাদিকতা, মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা এবং সাংবাদিকতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়। নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাব ও নিয়ামতপুর প্রেসক্লাব যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
নিয়ামতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহসভাপতি আলমগীর কবির, সদস্য শাহান সা, নিয়ামতপুর প্রেসক্লাবের সভাপতি শাজাহান সাজু, সিনিয়র সহসভাপতি রুহুল আমিন শেখ এবং নিয়ামতপুর মডেল প্রেসক্লাবের সভাপতি আজিজুল হক।
.png)
এ সময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন, অর্থবিষয়ক সম্পাদক শাহ জামাল, দপ্তর সম্পাদক শাকিল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইমরান ইসলাম, সদস্য মেহেদী হাসান ও সদস্য মো. আব্দুল্লাহ আল মামুন। এ ছাড়া নিয়ামতপুর প্রেসক্লাবের সহসম্পাদক তৌবুর রহমান, সদস্য রকিবুল হাসান, জাকির হোসেনসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি শ্রেণি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়ার পাশাপাশি চাঁদাবাজিতে জড়িয়ে পড়ছে। তাদের দাবি, কেউ কেউ স্বল্পমূল্যে প্রেস কার্ড তৈরি করে সাংবাদিক পরিচয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে হয়রানি ও বিভ্রান্তি সৃষ্টি করছেন।
বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে যাচাই-বাছাই ছাড়াই সংবাদ প্রচারের প্রবণতাও বেড়েছে। এতে পেশাদার সাংবাদিকতা ও গণমাধ্যমের প্রতি মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব পড়ছে বলে তারা মনে করেন।
পেশাদার সাংবাদিকতার মর্যাদা রক্ষায় অপসাংবাদিকতা এবং সাংবাদিকতার পরিচয়ে অনৈতিক কর্মকাণ্ড বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান বক্তারা। একই সঙ্গে সাংবাদিক পরিচয়ে কেউ চাঁদাবাজি বা অন্য কোনো অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে তাকে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানান তারা।