মা ইলিশ রক্ষায় জেলেদের সচেতন করতে ঝালকাঠিতে মতবিনিময় সভা
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়ে ঝালকাঠিতে জেলেদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) বিকেলে শহরের কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রজনন মৌসুমে ইলিশ শিকার থেকে বিরত থাকা এবং নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনকে সহযোগিতা করার বিষয়ে জেলেদের সচেতন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রণব কুমার বিশ্বাস এবং ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজ।
জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাইয়্যেদা, নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান, ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জেলেরা।
সভায় মা ইলিশ রক্ষায় সরকারি নিষেধাজ্ঞা মেনে চলার গুরুত্ব তুলে ধরা হয়। জেলেদের প্রজনন মৌসুমে নদীতে ইলিশ শিকার না করার পাশাপাশি নিষেধাজ্ঞা কার্যকরে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, মা ইলিশ সংরক্ষণ করা গেলে ইলিশের উৎপাদন বাড়বে। একই সঙ্গে দীর্ঘ মেয়াদে জেলেদের জীবিকা সুরক্ষায়ও তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন দেশের নির্ধারিত নদ-নদীতে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বিক্রি ও কেনাবেচা নিষিদ্ধ করা হয়েছে। এ নিষেধাজ্ঞার আওতায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীও রয়েছে।
নিষেধাজ্ঞা কার্যকর করতে ঝালকাঠির চার উপজেলায় প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময়ে নিষেধাজ্ঞার আওতাভুক্ত জেলেদের সহায়তায় সরকারিভাবে পরিবারপ্রতি ২৫ কেজি করে ভিজিএফের চাল বরাদ্দ দেওয়া হয়েছে।